শেষ দিনের আনন্দ-বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় l ছবি: প্রথম আলো
অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় l ছবি: প্রথম আলো

এখানে প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বলত, নিভত আটটায়। কালও যথারীতি আটটায় আলো নিভেছে। কিন্তু আজ সন্ধ্যায় আর জ্বলবে না। নতুন বইয়ের গন্ধে মেতে থাকা অগণিত মানুষের পদচারণ আজ সেখানে হবে না। লোকসমাগম আর বেচাকেনা হলেও বরাবরই বইমেলার শেষ দিনটা লেখক-প্রকাশকদের বিষণ্ন করে তোলে। এবারও তা-ই হলো।
প্রতিবছরই শেষ দিনের মেলায় থাকে বিদায়ের সুর। তালিকা ধরে কেনাকাটা থাকে, থাকে হাসিঠাট্টা, দল বেঁধে কোনো স্টলে গিয়ে বইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়া। কিন্তু এর কোনোটাই শেষ দিনের বিষণ্নতা কাটাতে পারে না।
ওই যে শিশুটি হাতে একখানা রঙিন বই নিয়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে দোকানে সাজিয়ে রাখা মনকাড়া রঙের অন্য বইগুলোর দিকে, এ বছর ও আর এখানে আসবে না। মোটা চশমা চোখে, ধূসর পাঞ্জাবি গায়ে আপাত রাশভারী যে তরুণ ইতিহাসের নতুন বই খুঁজে চলেছেন, বই পেয়ে তাঁর মুখের স্বচ্ছ হাসি জানিয়ে দিচ্ছে, ওই গাম্ভীর্যের ভেতরেও রয়েছে প্রাণোচ্ছলতা কিংবা ওই যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যে তরুণীরা ছবি তুলছেন, তাঁদের প্রত্যেকের হাতে বইয়ের থলে—এই দৃশ্য দেখা যাবে না সামনের একটি বছর।
এই বিষণ্নতায় ভরা সময়টা কি তবে পুরোপুরি বিষণ্ন ছিল? না। চলমান জনস্রোত জানিয়ে দিয়েছে, শেষ কদিনের মেলায় মিলেছিলেন পাঠক-প্রকাশক। আসুক না বিদায়ের ক্ষণ, শূন্য হাতে ফিরতে হচ্ছে না কাউকে। দুই মলাটে বন্দী বই তাঁদের মনের খোরাক জোগাবে, এক বছর অপেক্ষা করার ধৈর্য দেবে।
মন খারাপ হলেও ব্যস্ততার কমতি ছিল না। ছিল বইয়ের সংখ্যা, মান ও বেচাকেনা নিয়ে আলোচনা। গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব জালাল আহমেদ মেলার সার্বিক প্রতিবেদনে জানান, এবারের মেলায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকার বই। একাডেমির কাছে দেওয়া প্রকাশকদের হিসাবমতে, প্রকাশনা সংস্থাগুলো বিক্রি করেছে ৪০ কোটি ৫০ লাখ টাকার বই। তবে প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণে তাঁরা একাডেমিকে সঠিক পরিসংখ্যান দেননি। প্রকাশকেরা নিজেদের ব্যবসার গোপনীয়তা ফাঁস করতে চাননি, তবে সবাই স্বীকার করেছেন, বাংলা একাডেমির প্রাথমিক হিসাবের চেয়ে কম নয়, বেশিই হবে বিক্রি।
এবারের মেলায় ৪০৭টি প্রকাশনা সংস্থাকে ৬৫৯টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়। ১৩টি প্রতিষ্ঠান, বাংলা একাডেমির ২টিসহ মোট ১৫টি প্যাভিলিয়ন ছিল এবারের মেলায়। এ ছাড়া একাডেমির বহেড়াতলায় ৯৭টি লিটলম্যাগের স্টল স্থান পায়।
‘প্রতিদিন বিকেলে তো এখানে এসে সময় কাটাই। কাল থেকে কী করব, ভেবে অস্থির লাগছে।’ উদ্যানের পূর্ব পাশে নিজের প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রের সামনে বসে বলছিলেন অ্যাডর্ন প্রকাশনীর স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেইন। ফেব্রুয়ারি মাসের প্রতিটা দিন এখানে লেখক, পাঠক, সংবাদকর্মীদের নিয়ে আড্ডা দিতে দেখা গেছে তাঁকে। কাল এই আড্ডায় দেখা গেল লেখক দন্ত্যস রওশন, প্রবাসী লেখক রহমান এম মাহবুবসহ বেশ কয়েকজন লেখককে। অনুবাদক রহমান এম মাহবুব জানান, মেলায় এসেছে শেক্সপিয়ার থেকে কীটস: রবার্ট ফ্রস্ট থেকে ইলিয়ট বইটি। শুধু মেলার টানেই জর্ডান থেকে তিনি ঢাকায় এসেছেন।
আদর্শ প্রকাশনার মামুন অর রশিদ এবারের বিক্রি নিয়ে হতাশ। তাঁর স্টলটি একটু বেকায়দা জায়গায় পড়েছে। তবু মেলার সমাপনী তাঁকে কষ্ট দিচ্ছে জানিয়ে বলেন, ‘ভাই, মেলা তো শুধু কেনাবেচার হিসাব না, এটা তো একটা উৎসব। কত মানুষের সঙ্গে দেখা হয়, নতুন নতুন মানুষ দেখি, লেখক দেখি। বই নিয়ে আলাপ হয়, এ সুযোগ কি বছরে আর কখনো মেলে!’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ৩ হাজার ৪৪৪টি নতুন বই। গতবারের বইমেলায় এসেছিল ৩ হাজার ৭০০টি। এ বছর কবিতার বই এসেছে ৯৩৯টি। এ ছাড়া উপন্যাস ৫২৯টি, গল্প ৫০৩টি।
সমাপনী অনুষ্ঠান: গতকাল সন্ধ্যায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।