শেষ দিনের পরীক্ষা আশানুরূপ হয়নি

৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দ্বিতীয় ও শেষ দিনের পরীক্ষা ছিল গতকাল শনিবার। তবে এ দিনের পরীক্ষা যতটা ভালো হবে বলে আশা করা হয়েছিল, ততটা ভালো হয়নি বাংলাদেশ দলের।
গতকালের পরীক্ষায় ৪ ও ৫ নম্বর প্রশ্ন ছিল জ্যামিতি ও বীজগণিত নিয়ে। কেবল সানজিদ আনোয়ার ৪ ও ৫ সমস্যার সম্পূর্ণ সমাধান করেছে বলে দাবি করেছে। বাকিদের মধ্যে আদিব হাসান, সাজিদ আখতার আর আসিফ এলাহীর কিছু নম্বর কাটা যেতে পারে। নেয়ামুল ও সাব্বির ৪ নম্বরটি সমাধান করেছে বলে জানিয়েছে।
দুই দিনের নয় ঘণ্টার পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে প্রতিযোগীদের মূল পর্ব। গতকাল বিকেল থেকে শুরু হয়েছে তাদের আনন্দ-বিনোদন। আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী থাই বক্সিংয়ের প্রশিক্ষণ ও লড়াই। আজ বাংলাদেশের প্রতিযোগীরা যাবে হাতির খামার আর প্যাগোডা দর্শনে।
৪ জুলাই থেকে থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত হচ্ছে ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ১১৪টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয়জন প্রতিযোগী। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে গণিত উৎসবের মাধ্যমে এই ছয়জনকে নির্বাচিত করেছে।