শেষ দিনের রাজা-বাদশাহ

এই রাতটা পোহালেই কাল মঙ্গলবার শুরু মুসলমানদের পবিত্র ঈদুল আজহা। এ দিন কোরবানির জন্য অধিকাংশ মানুষের কেনা হয়ে গেছে পছন্দের পশুটি। অবশিষ্ট লোকজনের জন্য হাতে সময় আছে আর মাত্র কয়েক ঘণ্টা।
তাই সকাল থেকে লোকজন কোরবানির পশু কিনতে ছুটছেন কক্সবাজারের বিভিন্ন হাটবাজারে। কেউ ছুটছেন মিয়ানমার সীমান্তের টেকনাফে। সেখানে আছে মিয়ানমার থেকে পশু আমদানির করিডোর। করিডোরে পাওয়া যায় কম দামে মোটাতাজা কোরবানির পশু। গত আট দিনে এই করিডোর দিয়ে এসেছে মিয়ানমারের অন্তত ছয় হাজার পশু।
কক্সবাজার শহর থেকে টেকনাফের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। ৯৫ কিলোমিটারের ‘কক্সবাজার-টেকনাফ’ সড়কটি অতিক্রমের সময় অন্তত ছয়টি স্থানে আটকে পড়তে হলো। কারণ দীর্ঘ যানজট। যানজটের কারণ সড়কের ওপর একাধিক কোরবানির পশুর হাট। হাটগুলোতে গরুর পাশাপাশি ব্যাপক হারে বিক্রি হচ্ছে মোটাতাজা মহিষ।
বেলা তিনটায় পৌঁছা গেল টেকনাফের সবচেয়ে বড় কোরবানির পশুর হাটে। হাটের নাম ‘টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ কোরবানির পশুর হাট’। এই হাটের বিশাল মাঠে জড়ো করা হয়েছে প্রায় পাঁচ হাজার পশু। এর মধ্যে অন্তত আড়াই হাজার মহিষ। মাঠের পশ্চিম পাশে জড়ো করা বিশাল আকৃতির ২৩টি মহিষকে ঘিরে রেখেছে অসংখ্য মানুষ। সেখানে প্রায় ৯ মণ ওজনের একটি মহিষের নাম ‘বাদশাহ’। বাদশাহ দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা। টেকনাফের এক জনপ্রতিনিধি দুই লাখ ৩৫ হাজার টাকায় কিনে নিলেন বাদশাহকে।
বাদশাহর পাশে দাঁড়ানো প্রায় আট মণ ওজনের মহিষটির নাম ‘রাজা’। রাজার দাম হাঁকা হচ্ছে আড়াই লাখ টাকা। এক ব্যক্তি রাজাকে ১ লাখ ৭০ হাজার টাকায় কিনতে চাইলেন। রাজি হলেন না মহিষটির মালিক আবু বক্কর। তাঁর ভাষ্য, গতকাল রোববার এই মহিষটির দাম উঠেছিল ২ লাখ টাকা। এই টাকায় না হলে ‘রাজা’ বিক্রি হবে না। এই হাটে আড়াই থেকে চার মণ ওজনের প্রায় ২০টি মহিষ ঘণ্টা খানেকের মধ্যে বিক্রি হয়ে গেল। দাম ৫০ থেকে ৮০ হাজার টাকা। কিন্তু একই ওজনের গরু কিনতে গেলে লোকজনকে গুনতে হচ্ছে অতিরিক্ত ২০-৩০ হাজার টাকা।
এই হাটের ইজারাদার আবদুল গফুর শরিফ জানান, কোরবানির জন্য মানুষের পছন্দ গরু, কিন্তু দামের কারণে অনেকে মহিষ কিনছেন। সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত এই হাটে বিক্রি হয়েছে প্রায় ৮০০ মহিষ। রাত আটটা পর্যন্ত শেষ দিনের এই হাটে বিক্রি হবে আরও তিন হাজারের অধিক কোরবানির পশু। এর মধ্যে অন্তত ১ হাজার মহিষ।
উপজেলার সাবরাং, নয়াপাড়া, হ্নীলা, হোয়াইক্যং বাজারেও গরুর পাশাপাশি লোকজন কোরবানির জন্য কিনছেন মহিষ ।

এর কারণ জানতে চাইলে হোয়াইক্যং এলাকার ব্যবসায়ী কুদরত উল্লাহ বলেন, গত রোববার বিকেলে তিনি মরিচ্যাবাজারে গিয়ে দেখেন, বিক্রির জন্য আনা তিনটি গরু অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কিছু গরু দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। মোটাতাজা করার জন্য এসব গরুকে নিষিদ্ধ পাম্পবড়ি খাওয়ানো হয়েছিল বলে সন্দেহ। তা ছাড়া অন্যান্য হাটেও অসুস্থ গরু বিক্রির জন্য আনা হয়েছে। কয়েকটা গরু মরেও গেছে। তাই মানুষ গরু বাদ দিয়ে মহিষের দিকে ঝুঁকছেন। তা ছাড়া গরুর চেয়ে মহিষের দাম কম।
বাংলাদেশ মানচিত্রের সর্ব দক্ষিণের বিন্দুটির (স্থান) নাম ‘শাহপরীর দ্বীপ’। মোগল সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজার ‘শাহ’ আর তাঁর স্ত্রী পরীবানুর ‘পরী’ নিয়ে দ্বীপের নামকরণ শাহপরীর দ্বীপ। নাফ নদী অতিক্রম করে শাহপরীর দ্বীপে স্থাপিত করিডোরে আমদানি হচ্ছে মিয়ানমারের কোরবানির পশু। প্রতিটি পশুর বিপরীতে সরকারকে রাজস্ব দিতে হয় ৬০০ টাকা করে। শুল্ক বিভাগ সেই রাজস্ব আদায় করে। এই করিডোরেও দেখা গেল মহিষের আধিক্য।
করিডোরের পশু ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, সকালে দুই ট্রলার বোঝাই করে মিয়ানমার থেকে ৩২০টি কোরবানির পশু আনা হয়েছে। এর মধ্যে ১২০টি মহিষ। স্থানীয় চাহিদা পূরণ করতে মিয়ানমার থেকে মোটাতাজা মহিষ আনা হচ্ছে। করিডোরে মহিষ বিক্রি হচ্ছে গরুর চেয়ে ২০-৩০ হাজার টাকা কম দামে। ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির পশু আমদানি চলবে। কয়েকজন পশু ব্যবসায়ী অভিযোগ করেন, স্থানীয় হাটগুলোতে নিষিদ্ধ পাম্পবড়ি খাওয়ানো মোটাতাজা গরু বিক্রি হলেও দেখার কেউ নেই। কিন্তু প্রাকৃতিক নিয়মেই মহিষ মোটাতাজা করা হয়।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, কোরবানির হাটবাজারে বলবর্ধক বড়ি খাওয়ানো মোটাতাজা গরু বিক্রির অভিযোগ আছে। কিন্তু এ পর্যন্ত কোনো কোরবানির পশু মৃত্যুর খবর তাঁদের কাছে নেই। তবে ক্রেতারা ইচ্ছা করলে কেনার আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন। টেকনাফসহ বিভিন্ন হাটবাজারে প্রাণিসম্পদ বিভাগের একাধিক চিকিৎসক দল নিয়োজিত আছে।