শেষ পরীক্ষার আগে ট্রাক কেড়ে নিল প্রাণ
আর মাত্র একটি পরীক্ষা বাকি ছিল ফারজানা ইয়াসমিনের (১৫)। আগের পরীক্ষাগুলো ভালোই হয়েছিল। ভালো ফল করলে মেয়েকে ভালো কোনো প্রতিষ্ঠান দেখে ভর্তি করাবেন—এমনটাই আশা করেছিলেন দিনমজুর বাবা ফরিদ উদ্দিন। কিন্তু মেয়েকে নিয়ে সেই আশা লন্ডভন্ড করে দিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক।
গতকাল মঙ্গলবার বগুড়া শহরতলির শ্যামবাড়িয়া থেকে অটোটেম্পোতে চড়ে সহপাঠীদের সঙ্গে শাজাহানপুর উপজেলার সাজাপুর-ফুলতলা আহমাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দেয় টেম্পোটিকে। এতে টেম্পো থেকে ছিটকে পড়ে ফারজানা। এরপর দ্রুতগামী ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারজানা বগুড়া পৌরসভার নিশ্চিন্তপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। বাবা ফরিদ উদ্দিন জানান, নির্মাণকাজে মজুরি খেটে সংসার চালাতেন তিনি। দুই ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে আবদুল মোমিন রিকশাচালক। একমাত্র মেয়ে ফারজানাকে ভর্তি করে দিয়েছিলেন স্থানীয় একটি মাদ্রাসায়।
বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের রুহুল কুদ্দুস জানান, ফারজানাকে নিয়ে তাঁর বাবার অনেক স্বপ্ন ছিল। দুর্ঘটনায় পরিবারটির স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেছে।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ফারজানার পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে যাই। পরিবারটির দরিদ্রতা ও অসহায়ত্ব দেখে মন খুব খারাপ হয়েছে।’