
আরও একটি মামলা থাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ গতকাল সোমবারও কারাগার থেকে বের হতে পারলেন না। তাঁর জামিনের আশায় গতকাল সকাল থেকেই রাজশাহী আদালত চত্বরে আবু সাঈদের বিপুলসংখ্যক নেতা–কর্মী অপেক্ষা করছিলেন। কিন্তু নেতার জামিন হয়নি। অবশেষে আদালত থেকে আবার কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ির ভেতর থেকেই আবু সাঈদ নেতা–কর্মীদের বিজয়সূচক চিহ্ন ‘ভি’ দেখান।
দলীয় সূত্রে জানা যায়, আবু সাঈদের বিরুদ্ধে চারঘাট, পুঠিয়া ও বাঘা থানায় মোট ২০টি মামলা চলমান রয়েছে। সব কটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। নিম্ন আদালত থেকেও এর মধ্যে ১৮টিতে তিনি জামিন পেয়েছেন। গতকাল তাঁর অবশিষ্ট দুটি মামলায় জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। তবে এর মধ্যে একটিতে তিনি জামিন পেলেও আরেকটিতে পাননি।
এদিকে তাঁর জামিন হবে, এই আশায় এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী এসে আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। একটি মামলায় জামিন না হওয়ায় তাঁকে আদালত থেকে ফের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আবু সাঈদ রাজশাহী-৬ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী। এ জন্য গত রোববার তিনি চারঘাট উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে তাঁর পক্ষে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। গতকাল দল থেকে প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে চারঘাট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে পুলিশ।