শেষ পর্যন্ত তিনি বিএনপির প্রার্থী
মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভায় মেয়র পদে প্রার্থী বাছাই করতে গিয়ে বিএনপিকে হিমশিম খেতে হয়েছে। একাধিকবার প্রার্থী বদলের পর বিএনপি শামসুর রহমান নামের একজনকে প্রার্থী করে। তিনি কখনো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীরকাদিমের বর্তমান পৌর মেয়র শহিদুল ইসলাম গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছিলেন। তিন মাস আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি দলের মনোনয়নও পান। এবার তাঁর বিরুদ্ধে বিএনপি থেকে জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, তাঁর ভাই মীরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা আখতার ফারুকের নাম শোনা যায়।
বিএনপির স্থানীয় নেতারা বলেন, সোমবার বিকেলে সদর উপজেলার মুক্তারপুরে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আলী আজগরসহ দলীয় নেতারা প্রার্থী ঠিক করতে বসেন। ওই বৈঠকে জসিম উদ্দিন, মিজানুর রহমান ও ওবায়দুর রহমান প্রার্থিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এরপর প্রার্থী বাছাই কমিটি আক্তার ফারুককে ঠিক করেন। তবে পরদিন দেখা গেল, তাঁর বদলে শামসুর রহমান বিএনপির মনোনয়ন পেয়েছেন।
শামসুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল না। বিএনপির নেতারা আমাকে অনুরোধ করেছেন। তাই আমি বিএনপির প্রার্থী হয়েছি।’
জাতীয় পার্টির (জেপি) নেতা সাবেক মেয়র মোহাম্মদ হোসেন বলেন, এখানে বিএনপির প্রার্থী দেখে সবাই বুঝেছে, কোনো প্রার্থী নেই বলেই বিএনপি তাঁকে (শামসুর) মনোনয়ন দিয়েছে।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর বলেন, ‘এখানে আমরা প্রার্থী-সংকটে ছিলাম—এ কথা সত্য। শামসুর রহমান মীরকাদিম পৌর বিএনপির সদস্য।’