শেষ পর্যন্ত পা কাটা গেল সালমানের
যশোরের তরুণ ব্যবসায়ী সালমান শিকদার ওরফে বিকির (২৮) গুলিবিদ্ধ বাঁ পা’টি শেষ পর্যন্ত হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হলো। গত সোমবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর ওই পা হাঁটুর কিছু ওপর থেকে কেটে বাদ দেন।
সালমানের স্বজনদের অভিযোগ, যশোরের পুলিশ ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গত ১৫ জুন সালমানকে ধরে নিয়ে বাঁ পায়ে গুলি করে। একই দিন ইব্রাহিম হোসেন (২২) নামের আরেক যুবকের পায়েও গুলি করে পুলিশ। তাঁদের দুজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
অবশ্য পুলিশের দাবি, এটি গুলির ঘটনা ছিল না। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে তাঁরা গুলিবিদ্ধ হন। তাঁরা ছিনতাইকারী।
ওই দুজনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তাঁরা পুলিশের পাহারায় সেখানে চিকিৎসা নেন। গতকাল বুধবার সালমানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে অ্যাম্বুলেন্সে করে যশোরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ওই অ্যাম্বুলেন্সে তাঁর বাবা বাবু শিকদারও ছিলেন। ছেলের অঙ্গহানিতে মানসিকভাবে তিনি বিপর্যস্ত। বাবু শিকদার বলেন, ‘এহন আমার ছেলেটার জীবন নষ্টই হয়ে গেল।’