শেষ পর্যন্ত পাখির নিরাপদ আশ্রয় হয়ে উঠল গাছটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কে রানীশংকৈল উপজেলার কুলিক নদের পাশের কেউটান গ্রামে সব গাছ ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি শিমুল গাছ। গাছটির ডালে ডালে শুধু পাখি আর পাখি। নানা প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।কেউটান গ্রামের যাদব রায় জানান, বছর পাঁচেক আগে এক অগ্রাহায়ণ মাসের বিকেলে চার-পাঁচটি পাখি গাছটির ডালে এসে বসে। পরদিন আরও কয়েকটি পাখি আসে। এর কয়েক দিন পর পাখিতে ভরে যায় গোটা গাছ। পাখিগুলোর অধিকাংশই পানকৌড়ি। প্রতিবছর বাড়তে থাকে পাখির আনাগোনা। সকাল হলেই পাখিগুলো খাদ্য সংগ্রহের জন্য চলে যায় দুরদুরান্তে। আবার সন্ধ্যায় ফিরে আসে। গাছের নিচে পড়ে থাকতে দেখা যায় নানা প্রজাতির মাছ। সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধে প্রথম প্রথম টেকা যেত না বলে পাখিগুলোকে তাড়িয়ে দিত গ্রামবাসী। তার পরও পাখিগুলো দল বেঁধে পুনরায় ফিরে আসত এই গাছে। একপর্যায়ে পাখিগুলোর প্রতি মায়া জন্মে যায় গ্রামবাসীর। এখন আর কেউ পাখি তাড়ায় না। সারা বছর ওই শিমুল গাছে বিভিন্ন প্রজাতির কোনো না কোনো পাখি থাকে। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবচেয়ে বেশি পাখি আসে।পাখি দেখতে সাত বছরের ছেলে স্নিগ্ধকে নিয়ে এসেছেন পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের স্কুলশিক্ষক আবদুর রহমান। তিনি বলেন, ‘একটি গাছে কয়েক শ পাখি বাস করছে শুনে ছেলেকে নিয়ে দেখতে এসেছি। যেখানে মানুষ সুযোগ পেলে পাখি নিধন করছে, সেখানে এমন দৃশ্য কল্পনা করা যায় না।’শিমুল গাছটির পাশের জমিতে কাজে ব্যস্ত এলাকার কৃষক মো. রব্বানী (২৫) জানান, দুরদুরান্ত থেকে প্রতিদিনই অনেক লোকজন পাখি দেখতে এখানে আসে। প্রথম দিকে উৎপাত করলেও পাখিগুলোর প্রতি এলাকার মানুষের এখন ভালোবাসা জন্মে গেছে। শিমুল গাছটির ১০০ গজ দূরে অবস্থিত একটি চায়ের দোকানের মালিক চরণ দাস বলেন, ‘আমার দোকানে সব সময় লোকজন থাকে। কেউ পাখি শিকারের জন্য এলে তাঁরাই এখন এলাকার লোক নিয়ে প্রতিরোধ করেন।’রানীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরাজুল হক বলেন, তিনি সম্প্রতি গ্রামটি ঘুরে এসেছেন। বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখি সেখানে রয়েছে। পাখি সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদ জাহাঙ্গীর বলেন, প্রাণিকুলের স্বভাব হলো, যেখানে তারা নিরাপদ মনে করে, সেখানেই আশ্রয় নেয়। আর সেই আশ্রয় যদি নিরাপদ হয়, তাহলে বাসাও বাঁধে।