
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে বিচারাধীন মঞ্জুর হত্যা মামলার কার্যক্রম শেষ পর্যায়ে এসে আরও দুই মাস পিছিয়েছে। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত এ বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি তারিখ ধার্য করেছেন।
গতকাল রোববার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এরশাদসহ অন্যান্য আসামির উপস্থিতিতে এ মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। এরপর বিচারক হোসেনে আরা আকতার অধিকতর শুনানির জন্য আবার দিন ধার্য করেন।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গত ২০ নভেম্বর আসামিপক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। ওই দিন এ মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেছিলেন, পরবর্তী ধার্য তারিখ ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের তারিখ ধার্য করবেন।
গতকাল পিপি আসাদুজ্জামান খান এ প্রতিবেদককে বলেন, তিনি গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুনানি উপস্থাপন শেষ করেন এবং রায়ের দিন ধার্য করার জন্য আদালতের কাছে মৌখিক আবেদন করেন। কিন্তু আদালত যুক্তিতর্কের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন। আদালত কেন এই সিদ্ধান্ত নিলেন, তা তিনি বলতে পারছেন না।
১৮ বছর আগে দায়ের করা এই মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, বিভিন্ন সরকারের সময়ে এরশাদের রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে মামলাটির গতি-প্রকৃতি নির্ভর করেছে। সর্বশেষ চলতি বছরের মাঝামাঝি মামলাটির বিচারকাজ গতি পায়। এরপর আবার মামলাটির শুধু যুক্তিতর্ক নিয়ে একাধিক তারিখ পরিবর্তন করা হয়। এরই মধ্যে গত আগস্টে মামলার বিচারক পরিবর্তন হয়। এরশাদের সর্বশেষ রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে এ মামলাটিকেও সরকার একটা ‘গুটি’ হিসেবে ব্যবহার করতে চাইছে বলে জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে।
এ মামলার মোট আসামি পাঁচজন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ ছাড়া বাকি আসামিরা হলেন মেজর (অব.) কাজী এমদাদুল হক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শামস। এর মধ্যে শেষ দুজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন মোহাম্মদ আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে পুলিশ আটক করে। এরপর ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালে ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ১৯৯৫ সালের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।