শেষ বিকেলে পথে নামে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতারি সংগ্রহের পাশাপাশি দোকানে টাঙানো পোশাক দেখে শিশুর দল। ছবিটি গত বৃহস্পতিবার নর্থ সার্কুলার সড়কের একটি বিপণিবিতান থেকে তোলা l প্রথম আলো
ইফতারি সংগ্রহের পাশাপাশি দোকানে টাঙানো পোশাক দেখে শিশুর দল। ছবিটি গত বৃহস্পতিবার নর্থ সার্কুলার সড়কের একটি বিপণিবিতান থেকে তোলা l প্রথম আলো

শেষ বিকেলে শহরের পথে পথে দেখা মেলে ওদের। কারও কারও পরনে নেই কোনো কাপড়। আবার কারও কাপড় বিবর্ণ ও ছেঁড়া। বিপণিবিতানগুলোতে ঘুরে ঘুরে ইফতারি সংগ্রহ করে। আর দোকানে টাঙানো বাহারি সব পোশাক নেড়েচেড়ে দেখে।

ঈদবাজারের শেষ সময়ের ব্যস্ততার মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কে দেখা মেলে এসব শিশুর।

বিকেল পেরিয়ে গেছে। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। শহরের বিপণিবিতানে তখন চলছে ইফতারের প্রস্তুতি। টাউন প্লাজা নামে বিপণিবিতানের দোকানে দোকানে ঘোরাঘুরি করছে ছয়-সাত শিশুর একটি দল। দোকান থেকে ইফতারি সংগ্রহের ফাঁকে ওরা দোকানে টাঙানো জামা নেড়েচেড়ে দেখছে আর নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলছে। ওদের একজন তাসলিমা (৯)।

তাসলিমা পৌর শহর খালপাড়া মহল্লায় মায়ের সঙ্গে থাকে। মা শহরে বাড়ি বাড়ি ছুটা বুয়ার কাজ করে সংসারের খরচ জোগায়। ছোট বোনকে কোলে তুলে ইফতারি সংগ্রহে বেরিয়ে পড়েছে সে। কোলের বোনকে নিয়ে ঘুরে বেড়াতে বেশ কষ্ট হলেও ওর মুখে কষ্টের কোনো ছাপ নেই। তাসলিমা বলে, ‘দোকান থেকে ইফতারি কিনে খাইতে পারি না। এই কারণে ছোট বোনটারে নিয়া আসছি। ইফতারের সময় দোকানের লোকগুলা পেঁয়াজি, জিলাপি, মিষ্টি আর কত-কী দিয়া ইফতার করে। এ সময় আমরা গেলে দোকানদার খাইতে দেয়। আমরা ওগুলা ভাগ করে খাই। এই সময় দোকানের নতুন জামাগুলো দেখি। সুযোগ পাইলে নাইড়াও দেখি।’

তাসলিমার সঙ্গে থাকা আরেক শিশুর নাম মুমু (৭)। মুমুর মা শহরের পাশের একটি চালকলে শ্রমিকের কাজ করেন। ওই চালকলটি এখন বন্ধ। মুমু জানায়, মাকে ইফতারি কিনে দিতে বললে তিনি গালমন্দ করেন। তাই শহরের দোকানগুলোতে ঘুরে ইফতারি চেয়ে নিয়ে খাই।

হ্যাপী (৮) নামের আরেক শিশু জানায়, ইফতারি খাওয়ার জন্য সে দোকানে দোকানে ঘোরে এমন নয়। ইফতারের সময় দোকানে ক্রেতার ভিড় কম থাকে। তখন নতুন জামাগুলো মন ভরে দেখার সুযোগ থাকে। হ্যাপীর আক্ষেপ, জামাগুলো নাড়তে গেলে অনেক দোকানদার ওদের ধমক দিয়ে তাড়িয়ে দেয়। তখন মনটা খারাপ হয়ে যায়। এ কথা বলেই অন্য দোকানের দিকে ছুটে যায় ওরা।

টাউন প্লাজার তৈরি পোশাকের দোকান ‘নিউ ফ্যাশন চয়েস’-এর মালিক মোহাম্মদ আলমগীর বলেন, ‘ইফতারের আগে মার্কেটে শিশুদের আনাগোনা বেড়ে যায়। আমরা অনেক সময় ওদের ডেকে হাতে ইফতারি তুলে দিই। ওরা খাবার নিয়ে এদিক-ওদিক তাকিয়ে খুশিমনে ফিরে যায়।’