শেষ বিকেলে শিল্পকলায় জাতীয় সংগীতের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল বিকেলে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের মহড়া অনুষ্ঠিত হয় । ছবি: প্রথম আলো
রাজধানীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল বিকেলে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের মহড়া অনুষ্ঠিত হয় । ছবি: প্রথম আলো

চৈত্রের শেষ বেলায় গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসবমুখর। এবার স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদ্যাপিত হবে একটি লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার আয়োজনের মধ্য দিয়ে। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ নামের এই আয়োজনের মহড়া হলো একাডেমির প্রাঙ্গণে।
স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই আয়োজনটি করছে সংস্কৃতি মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায়। দেশের সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশ নেবেন। আয়োজকেরা আশা করছেন অন্তত তিন লাখ মানুষ একসঙ্গে সেদিন জাতীয় সংগীত গাইবেন।
গতকাল জাতীয় সংগীতের মহড়ায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ প্রবীণ-নবীনশিল্পী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ লোক মিলে প্রায় পাঁচ শয়ের মতো মানুষ অংশ নিয়েছিলেন। মহড়ায় চারবার ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করা হয়। পরিবেশন পর্বে শিল্পী মিতা হকের নেতৃত্বে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, ইন্দ্রমোহন রাজবংশী, শাহীন সামাদ, মনোরঞ্জন ঘোষাল, বুলবুল মহলানবীশ, তিমির নন্দী ও নমিতা ঘোষ। এ ছাড়া মহড়ায় বিশিষ্ট শিল্পীদের মধ্যে ছিলেন ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, ফাহিম হোসেন চৌধুরী, মহাদেব ঘোষ, তপন চৌধুরী, ফেরদৌস আরা, খিলখিল কাজীসহ অনেকে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ছাড়াও প্রায় ঘণ্টা খানেকের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। সেই অনুষ্ঠানে যেসব গান পরিবেশিত হবে তার মধ্য থেকে ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ এবং ‘বিজয় নিশান উড়ছে ওই’ এই দুটি গানেরও মহড়া দেওয়া হয়।
মহড়া শেষে সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের বলেন, কেবল বিশ্ব রেকর্ড করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য নয়। শুদ্ধ করে জাতীয় সংগীত গাইতে শেখা এবং দেশের তরুণ প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।