শেষ বেলায় ওয়াদা পূরণের ওয়াদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনের সাংসদ কাজী কেরামত আলী পাঁচ বছর আগের দেওয়া একটি নির্বাচনী ওয়াদা গত সোমবার পূরণ করার ঘোষণা দিয়েছেন। তবে সেটি এখনো কার্যকর হয়নি।
ওই দিন বেলা ১১টার দিকে উজানচর মাখনরায় পাড়া মরাপদ্মার পাড়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জলাশয়টি উন্মুক্ত ঘোষণা করেন সাংসদ। সে সঙ্গে জলার সব বাঁধ ও জাল ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন, গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, সাংসদের দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পার হলেও জলাশয়টি উন্মুক্ত করা হয়নি। এ ব্যাপারে ইউএনও ছরোয়ার হোসেন বলেন, ‘আমরা আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জলাশয়টি উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজী কেরামত আলী। কিন্তু সাংসদ নির্বাচিত হওয়ার পর গত সাড়ে চার বছরেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
এ ব্যাপারে কাজী কেরামত আলী বলেন, জলমহালকে ঘিরে উচ্চ আদালতে মামলা চলায় আগে কিছু করা সম্ভব হয়নি। যেহেতু জলমহালকে ঘিরে এলাকার মানুষ জড়িত। তাই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে। কেউ বাঁধ দিয়ে মাছ চাষ করতে পারবে না। দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উপজেলা ভূমি কার্যালয় জানায়, এ জলমহালের আয়তন প্রায় ১৪৮ একর। এটি দৌলতদিয়া ডাকবাংলো থেকে উজানচর মঙ্গলপুর হয়ে গাজীডাঙ্গা পর্যন্ত বিস্তৃত। বিএনপি সরকারের সময় দলের কিছু নেতা-কর্মী জলাশয়টি দখল করে ভোগদখল করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় আরেকটি চক্র সেটি দখল করে। এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দলের নেতা-কর্মীরা সেটি দখল করে ব্লকবাঁধ দিয়ে প্লট আকারে বিক্রি ও মাছ চাষ করেন। ফলে জলার ওপর নির্ভরশীল পাঁচ শতাধিক জেলে পরিবার বেকার হয়ে পড়ে। তারা পাঁচ বছর ধরে জলাশয়টি উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, সঞ্চারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে। কিন্তু স্থানীয় সাংসদ বিষয়টি তেমন গুরুত্ব দেননি।
জেলেরা অভিযোগ করেন, নদীতে কেউ নামলে তাকে মারধরসহ মাছ কেড়ে নেয় দখলদারেরা। মিথ্যা মামলা দিয়ে ১২ জেলেকে জেলেও পাঠিয়েছে।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব বলেন, উজানচর মৎস্যজীবী সমবায় সমিতির নামে যুবলীগ নামধারী কিছু লোক মরাপদ্মায় বাঁধ দিয়ে প্লট হিসেবে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক গোলজার হোসেন বলেন, জলাশয়টি উন্মুক্ত করা না হলে আগামী নির্বাচনে প্রভাব পড়তে পারে।