
ফেব্রুয়ারি এসেছিল, চলেও যাচ্ছে। বাকি আর চার দিন। অমর একুশে গ্রন্থমেলার মেয়াদও তাই। বরাবরই মেলার এই শেষ দিনগুলোয় বেচাকেনা বাড়ে। গতকাল সোমবার মেলার উভয় অংশেই বেশ ব্যতিব্যস্ত দেখা গেল স্টলের বিক্রয়কর্মীদের। লোকসমাগমও ছিল যথেষ্ট। এখন যাঁরা মেলায় আসছেন, বেড়ানোর চেয়ে বই কেনার ঝোঁকটাই তাঁদের বেশি।
বিভিন্ন স্টলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, বিক্রি যদিও বেড়েছে, তবে তা আগের বছরগুলোর মতো নয়। কারণ, সেই একই, প্রথম থেকেই যা তাঁরা বলছিলেন—দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব। একেবারে অচলাবস্থা সৃষ্টি না হলেও শেষ পর্যন্ত মেলায় বেচাকেনার মন্দা থেকেই গেল।
প্রকাশনার রেকর্ড: বিক্রিতে মন্দা হলেও প্রকাশনায় তার প্রভাব নেই। বিস্তর নতুন বই প্রকাশিত হয়েছে এবার। ইতিমধ্যেই ভেঙেছে গত বছরের রেকর্ড। একাডেমির তথ্য মোতাবেক গত বছর মোট প্রকাশনা ছিল ২ হাজার ৯৫৯। গতকাল এই সংখ্যা ছাড়িয়ে প্রকাশনা পৌঁছে গেছে ৩ হাজার ৫২টিতে। এর মধ্যে কবিতার বই ৭১৯টি, উপন্যাস ৫৪৪ আর গল্পের বইয়ের সংখ্যা ৪৮৩।
এক মেলার বই: বইয়ের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেলেও বইয়ের মান নিয়ে খোদ প্রকাশকেরাই সন্তুষ্ট নন। এর বেশির ভাগই সমাজে লেখক যশপ্রত্যাশীদের নিজের খরচে ছাপা। শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান বললেন, ‘এগুলো ওয়ান টাইম বুক। আগামী মেলায় আর খুঁজে পাবেন না। লেখকেরা প্রকাশকদের খরচ দিয়ে এসব বই ছাপিয়ে তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অফিসের সহকর্মীদের খবর দেন। লেখক পদস্থ কর্তা হলে অধস্তনেরা তাঁকে খুশি করতে কিছু বই কেনেন। লেখক নিজে কিছু বই তাঁর কাছের লোকদের উপহার দেন। নজরুল মঞ্চে মোড়ক উন্মোচিত হয়, টিভিতে মুখ দেখানোর সুযোগ মেলে, পত্রপত্রিকায় নাম ওঠে। মেলার শেষে অবশিষ্ট বইগুলো তাঁরা বাড়িতে নিয়ে যান। এসব বই দেশের অন্যত্র যায় না। মেলার পরে যেমন এই বইগুলো পাওয়া যায় না, তেমনি এই বইগুলোর ক্রেতাও থাকে না। মেলা শেষ হলে ক্রেতাও হারিয়ে যায়। এবার এই বইয়েরও বিক্রি কম।’
প্রথমায় উপচে পড়া ভিড়: মেলার শেষ দিনগুলোতে ক্রেতাদের প্রচুর ভিড় প্রথমার স্টলের সামনে। গতকালও ছিল তাই। বিক্রয় প্রতিনিধিরা জানালেন, রকিব হাসানের অপারেশন বাহামা, বাঘের মুখোশ আর বিবিসি জানালা ইংরেজি শেখার বই, সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়মকানুন বিক্রি হয়েছে বেশি। এ ছাড়া মহিউদ্দিন আহমদের জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতিও ভালো বিক্রি হয়েছে। মেলায় বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। আগের বইয়ের মধ্যে গোলাম মুরশিদের মুক্তিযুদ্ধ ও তারপর, এ টি এম শামসুল হুদার ফিরে দেখা জীবন, একাত্তরের চিঠি বইগুলোর কাটতি বেশ।
নতুন বই: তথ্যকেন্দ্রের তালিকায় গতকাল নতুন বইয়ের নাম পাওয়া গেল ৯৯টি। মেলার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল সূচয়নী থেকে সরদার আবদুস সাত্তারের প্রবন্ধ রবীন্দ্রনাথের ঘুমভাঙানিয়া ও দুখজাগানিয়া, প্রচলন থেকে আবু দায়েনের গবেষণা বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলন, একাডেমি প্রেস অ্যান্ড পাবলিশার্স থেকে গবেষণামূলক বই ৭১-এর যুদ্ধ শিশু: অবিদিত ইতিহাস, সমাবেশে থেকে সোহরাব পাশার কবিতা তোমার জন্য সকল আঁধার। এ ছাড়া নতুন বইয়ের মধ্যে ছিল জাগৃতি থেকে পিয়াস মজিদের আলাপন অষ্টমী, বিদ্যাপ্রকাশ থেকে হাসান হাফিজের নির্বাচিত ১০০ প্রেমের কবিতা, মিজান পাবলিশার্স থেকে ব্যঙ্গরচনা তালগাছটা আমার।
অনুষ্ঠান: গতকাল মেলামঞ্চে ছিল সবুজ পত্রর শতবর্ষবিষয়ক আলোচনা। প্রবন্ধ পড়েন আবুল মোমেন। আলোচনা করেন ইসরাইল খান ও আবদুল আলীম। সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম মুরশিদ। সন্ধ্যায় ছিল লোকগানের পরিবেশনা। শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিলেন শিল্পীরা।