শেষ বেলায় উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনে গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল ক্রেতা–দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
ছুটির দিনে গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল ক্রেতা–দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবিটি তুলেছেন সাজিদ হোসেন

লাইনে দীর্ঘ অপেক্ষার পর টিকিট মিলল। বাইরে দাঁড়িয়েই দেখা গেল লোকজন বেরোচ্ছেন হাতভর্তি ব্যাগ নিয়ে। শেষ বেলায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই হাসিমুখ। চার দিন বাড়তি সময় নিয়ে আজ শনিবার শেষ হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

.
.

গতকাল ছিল বাণিজ্য মেলার শেষ শুক্রবার। একে ছুটির দিন, তার ওপর আবার শেষ হয়ে যাচ্ছে মেলা। ভিড়টা তাই উপচে পড়া। স্টলে স্টলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য চলছিল নানান সুরে হাঁকডাক। শেষ মুহূর্তে কিছু ছাড়ের ঘোষণাও ছিল অনেক স্টলে। ফলে ভিড়বাট্টা ঠেলে কেনাকাটা নিয়েও ব্যস্ত ছিলেন মেলায় আসা লোকেরা। মূলত এদিনে মেলায় ঘুরে বেড়ানোর চেয়ে কেনাকাটা করতেই আগ্রহী ছিলেন তাঁরা।
সাজিয়া আফরিন শাশুড়িকে নিয়ে মেলায় এসেছেন। এ নিয়ে তাঁর তিনবার আসা হলো। তিনি বলেন, ‘এবারের মেলায় কোনো ঝামেলা ছিল না। ভালোভাবেই কেনাকাটা করেছি।’ লম্বা লাইন পেরিয়ে মেলায় ঢুকেছেন মো. আসলাম দম্পতি। নতুন সংসার শুরু করেছেন। আসবাব ও ঘর সাজানোর পণ্যের দিকে আগ্রহ। আসলাম বলেন, ‘এর আগে একবার এসে ঘুরে গেছি। অপেক্ষায় ছিলাম শেষের ছাড়ের জন্য। সব জায়গায়ই কমবেশি ছাড় দিচ্ছে।’
গতকাল দেখা যায়, সবাই কিছু না কিছু কিনছেন। ক্রোকারিজ, প্লাস্টিক পণ্যের প্যাভিলিয়নে ভিড় ছিল তুলনামূলক বেশি। স্যুট-ব্লেজারের স্টলে বিক্রেতারা নানান সুরে ক্রেতাদের আকৃষ্ট করার প্রতিযোগিতায় নেমেছেন। শাহিন আহমেদ কিনেছেন তিনটি ব্লেজার। এবার শীতের তীব্রতা না থাকলেও আগামী শীতের কথা ভেবে কিছুটা কমে কিনেছেন তিনি।
বেলা যত বাড়ছে, লোকসমাগমও হচ্ছে তত। বিক্রেতাদের ফুরসত মিলছে না। সবারই সর্বোচ্চ বিক্রির চেষ্টা। সনি-র্যাং গস প্যাভিলিয়নে ক্রেতাদের ভালোই ভিড়। এ প্যাভিলিয়নের দায়িত্বে থাকা আল ইমরান প্রথম আলোকে বলেন, ‘সময় বাড়ানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তাই মেলার শেষ পাঁচ দিনে আমাদের ছাড় ছিল। ওই সময়েই বিক্রি বেশি হয়েছে।’ সব মিলিয়ে এবারের বেচাবিক্রিতে তিনি সন্তুষ্ট।
শীতের তীব্রতা কম থাকায় আইসক্রিমের চাহিদা যথেষ্ট। বেলিসিমো প্যাভিলিয়নের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, গতবারের চেয়ে এবার ১০ শতাংশ বিক্রি বেশি হয়েছে। আইসক্রিম একটি লোভনীয় খাবার হওয়ায় এর চাহিদা সব সময়ই থাকে। ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতাদের গাড়ির সামনেও ছিল মানুষের ভিড়।
পোশাক ও গয়নার স্টলগুলোতে মূল্য ছাড়ের প্ল্যাকার্ড ঝুলছে। ক্রেতারাও ঝুঁকছেন সেদিকে। ভারতীয় একটি স্টলের এক বিক্রয়কর্মী বলেন, পণ্য তাঁরা ফেরত নিয়ে যেতে চান না। যতটা সম্ভব মূল্য ছাড় দিয়েছেন। সাড়াও মিলছে।
এবারের মেলা চার দিন বাড়ানো হয়। বাণিজ্য মেলার সদস্যসচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মেলা এবার ভালোই হয়েছে। লোকজন ও দর্শক সমাগম ছিল অনেক। ব্যবসায়ীরাও সন্তুষ্ট।
মেলা আসতে আবার এক বছরের অপেক্ষা। প্রবেশদ্বারের বাইরে এসে দেখা যায়, লাইন ক্রমেই বড় হচ্ছে। লাইন এগোচ্ছে পিঁপড়ার গতিতে। লাইনে থাকা মরিয়ম বেগম বলেন, ‘কালকেই তো শেষ হইয়া যাইব। তাই আইলাম শেষ বেলায় যা কিনতে পারি।’