শেষ বেলায় দুটি পদ্মা সেতুর কাজ শুরু করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ বেলায় দুটি পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করতে চাই। প্রথম পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের বিষয়ে সৃষ্ট জটিলতা অনেকটা কেটে গেছে। বিশ্বব্যাংকও এ বিষয়ে এরই মধ্যে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। আর দ্বিতীয় সেতুটি নির্মাণে এককভাবে অর্থায়নে মালয়েশিয়ার হাইকমিশনার আমার সঙ্গে দেখা করে আগ্রহ প্রকাশ করেছেন।’গতকাল শুক্রবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দুলপুর গ্রামে দলীয় নেতা-কর্মী, জনসাধারণের শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। পরে বিকেলে লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন যোগাযোগমন্ত্রী। এ সময় তিনি সারা দেশের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলোর সংস্কারকাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করার ইচ্ছা ব্যক্ত করেন।যোগাযোগমন্ত্রী আসবেন, তাই: নোয়াখালীর বসুরহাট-সোনাপুর সড়ক। দীর্ঘদিন ধরেই সড়কটি অসংখ্য খানাখন্দে ভরা, যানবাহন চলাচলের অনেকটাই অনুপযোগী। কিন্তু নোয়াখালী-৫ আসনের সাংসদ ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বদলাতে শুরু করে দৃশ্যপট। শুভেচ্ছা বিনিময়ের জন্য মন্ত্রী এলাকায় আসছেন, তাই তাড়াহুড়ো করে খানাখন্দ জোড়াতালি দেওয়ার তোড়জোড় শুরু হয়। সওজের হঠাৎ এই তৎপরতায় ক্ষোভ প্রকাশ করে নরোত্তমপুর এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, ‘মাসের পর মাস গেছে। ছোট গর্ত বড় হয়েছে। সওজের লোকজন তখন কোথায় ছিল?’