শেষ বেলায় নিঃস্ব মমতাজ

জীবনের শেষ বেলায় এসে ৮৫ বছরের মমতাজ বেগম নিঃস্ব হয়ে গেছেন। প্রমত্তা ধলেশ্বরী কেড়ে নিয়েছে তাঁর মাথা গোঁজার ঠাঁই। চোখের সামনে নদীতে ঘরবাড়ি বিলীন হতে দেখে বিলাপ করছিলেন, ‘নদী আমার ঘরবাড়ি সব খাইছে। অহন আমরা কই যামু। আমাগো কে আশ্রয় দিব।’
গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্পে সদ্য ঘরবাড়ি হারানো মমতাজ বেগমকে সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না কারও। কারণ তাঁর প্রতিবেশীরাও একই অনিশ্চয়তায় আতঙ্কিত। গত ১৫ দিনে ধলেশ্বরী নদীর ভাঙনে আশ্রয়ণ প্রকল্পের চারটি ব্যারাকের ৪০টি পরিবারের ঘর বিলীন হয়েছে। আশ্রয়হীন হয়েছে এসব পরিবার। বাকি ১২০টি পরিবার হুমকির মুখে। ভাঙন শুরু হয়েছিল গত বছর থেকেই। লাখিরচরে ২০০৬ সালে ১০টি ব্যারাকে ১৬০টি পরিবারের জন্য আধাপাকা ও টিনশেডের ঘর তৈরি করা হয়েছিল এই প্রকল্পে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, ৪০টি পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। অন্যেরা উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিজেরা ভাঙনকবলিত স্থানগুলোতে বালুর বস্তা, গাছের ডাল ফেলে বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। তবে প্রবল ভাঙনে তাঁদের সেই চেষ্টা তেমন কাজে আসছে না। যেখানে বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে, তার থেকে কিছু দূরেই বেশ খানিকটা করে জায়গা নদীতে ধসে পড়ছে। একাধিক বাসিন্দা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে আশ্রয়ণ প্রকল্পের বাকি অংশের ঘরবাড়ি নদীতে চলে যাবে।
আশ্রয়ণ প্রকল্পের নুর মোহাম্মদ (৭৪) বলেন, ‘নদীভাঙনরোধ হচ্ছে না। কী করব? চোখের সামনে আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না।’ অপর বাসিন্দা ওস্তান মিয়ার (৬০) পেশা মাছ ধরা। জমিজমা কিছু নেই। থাকার মধ্যে কেবল এই মাথা গোঁজার ঠাঁই। সেটিও এখন হুমকির মুখে। তিনি বলছিলেন, দ্রুত সরকার ভাঙনরোধে ব্যবস্থা না নিলে তাঁদের কিছুই থাকবে না।
আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের পাশাপাশি বেশ কিছু দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকেও আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের কেউ কেউ প্রকল্পে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছে।
আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল সামাদ জানান, গত ১৫ দিনে ৪০টি পরিবারের বসতবাড়ি ও একটি কমিউনিটি সেন্টার নদীতে বিলীন হয়ে গেছে। পুরো প্রকল্পটিই ঝুঁকির মধ্যে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণের একাধিক বাসিন্দা জানান, দু-তিন বছর থেকে প্রকল্প এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে বালু তোলা হচ্ছে। রাজনৈতিক পরিচয় দিয়ে কিছু প্রভাবশালী এতে জড়িত। বালু তোলা শুরুর পরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙন এলাকা ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে গেছেন। নদীভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।