আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় অর্ধশতাধিক প্রবাসী নির্বাচনী মাঠে ছিলেন। কিন্তু সিলেট বিভাগের একটি আসনেও প্রবাসীরা মনোনয়ন পাননি। এখন প্রবাসীরা কেবল বিএনপির দিকে তাকিয়ে আছেন। শেষ বেলায় সংবাদ সম্মেলন করে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চাইলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপির নেতা শরীফ লস্কর।
গতকাল সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মনোনয়নপ্রত্যাশার বিষয়টি জানিয়েছেন শরীফ লস্কর। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি পদে আছেন। শরীফ লস্কর সিলেট-৫ আসনের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত আবদুল মান্নান লস্কর ও তাঁর বড় ভাই গোলাম কিবরিয়া লস্কর ওই ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে শরীফ বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন চেয়েছি। দলের দপ্তরে ফরম জমা দিয়েছি। দীর্ঘদিন ধরে দল ও দেশের জন্য কাজ করছি। সমাজসেবায় জড়িত পরিবারের সন্তান হিসেবে নিজেকে কোনো সময়েই মানুষের কাছ থেকে, এলাকা থেকে দূরে রাখতে পারিনি। সেই টানেই বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এর একজন নগণ্য কর্মী হিসেবে নিজেকে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিবেদিত রেখেছি।’ সংবাদ সম্মেলনে তিনি কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান। পাশাপাশি জকিগঞ্জ-কানাইঘাটের যেসব নেতা–কর্মী বিগত দিনে মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন।