শেষ বয়সে এসে প্রশিক্ষণের জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির শেষ সময়ে এসে প্রশিক্ষণ নিতে হচ্ছে কারারক্ষীদের। রাজশাহী কারা প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাধ্যতামূলক এ প্রশিক্ষণ নিতে এসে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের। শেষ বয়সের এই প্রশিক্ষণ কোনো কাজে লাগবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত রোববার আতাউর রহমান নামের ওই কারারক্ষী মারা যান। তাঁর নম্বর ০৩২৮৭। আগামী ৩০ জুন তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। রংপুর কারাগারে কর্মরত ছিলেন তিনি। বাড়ি দিনাজপুরে।
রাজশাহী কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) কার্যালয় সূত্রে জানা যায়, প্রশিক্ষণে মোট ১৬৯ জন কারারক্ষী অংশ নিয়েছেন। এ ছাড়া প্রস্তাবিত রক্ষীদের মধ্যে দুজন শারীরিক অক্ষমতার কারণে অংশ নিতে পারেননি। ৯ জানুয়ারি থেকে দুই সপ্তাহের এই প্রশিক্ষণ শুরু হয়েছে। ২১ জানুয়ারি এর সমাপনী। প্রশিক্ষণে সকাল আটটা থেকে কারারক্ষীদের শারীরিক কসরত শুরু হয়। ১০টার পর শুরু হয় তাত্ত্বিক বিষয়ে পাঠদান।
কয়েকজন কারারক্ষী জানান, গত রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। প্রশিক্ষণরত কারারক্ষীরা জানান, বাতাসের কারণে শীত আরও তীব্র ছিল। এদিন প্রশিক্ষণ শুরুর সময়েই আতাউর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে মাঠের এক পাশে বসিয়ে রাখা হয়। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রাত নয়টা ৪০ মিনিটে সেখানে তাঁর মৃত্যু হয়।
সুশাসনের জন্য প্রচার অভিযানের (সুপ্র) জাতীয় পরিষদের সদস্য কে জি ফারুক বলেন, তাঁদের এই প্রশিক্ষণ দেওয়ার মানে হচ্ছে সরকারি অর্থের অপচয়। রাজশাহীর ডিআইজি প্রিজন বজলুর রশীদ বলেন, হৃদ্রোগের কারণে আতাউর রহমানের মৃত্যু হয়েছে। আগেও তাঁর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল।