শেষ ভিড় আতর-টুপির বাজারে
ঈদ একেবারে সন্নিকটে। রাজধানীবাসীর অনেকেরই ঘরে ফেরার তোড়জোড়, জমজমাট বিপণিবিতানে শেষ মুহূর্তের কেনাকাটা, সাজসজ্জা আর বিশেষ করে ছোটদের অধীর আগ্রহে প্রতীক্ষা—সব মিলিয়ে বাতাসে এরই মধ্যে উৎসবের আমেজ। কেনাকাটার শেষ পর্বেই সাধারণত থাকে ঈদ উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ সকালের নামাজের উপকরণ আতর, নতুন টুপি বা জায়নামাজ কেনার পালা। এসব জিনিসের জন্য রাজধানীর প্রধান ঠিকানা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটে গতকাল বুধবার তাই ছিল বেশ ভিড়। কেউ কিনছিলেন কারুকাজ করা টুপি, কেউ পছন্দের নকশার জায়নামাজ, কেউবা আবার কাপড়ে আতর লাগিয়ে পরখ করে দেখছিলেন।বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, সামনের ফুটপাথ এবং মার্কেটের দোকানগুলোর বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেল, ১০ টাকা থেকে শুরু করে এক হাজার ৪০০ টাকার টুপি বিক্রি করছেন তাঁরা। তবে এর চেয়েও বেশি দামের কিছু টুপি বাজারে আছে বলে কয়েকজন জানিয়েছেন। ব্যবসায়ীদের ভাষ্যমতে, এসব টুপি আসছে ভারত, পাকিস্তান, জর্ডান, ইয়েমেন, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে। বেশি দামের টুপিগুলোর মধ্যে রয়েছে জিন্নাহ টুপি ও লিয়াকত টুপি। এর দাম ১৫০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত। নানা কারুকাজ করা বা ঝালর লাগানো টুপি বিক্রি হচ্ছে ব্রুনাই সুলতানি টুপি, নেপালি, কাশ্মীরি, জর্দানি, আফগানি, ওমানি—এমন সব নামে। ফাহাদ ক্যাপ হাউসের কর্মী আবদুর রহিম জানান, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকায় চায়না ও দেশি টুপি বেশি বিক্রি হয়। এই টুপিগুলোর দাম ৫০ থেকে ১৫০ টাকা। রহিম আরও জানান, অভিজাত লোকজন লিয়াকত ও জিন্নাহ টুপি বেশি কেনেন। কলেজছাত্র আশফাক আহমেদ কারুকাজ করা একটি টুপি কিনেছেন ৮০ টাকায়। তিনি বললেন, ‘ঈদের নামাজ পড়ার জন্য নতুন পাঞ্জাবি কিনেছি। নতুন টুপিও দরকার। তাই টুপি কিনতে এসেছি।’ঈদে টুপির পাশাপাশি সুগন্ধি আতরের বেশ কদর বাড়ে। আতর বিক্রি হয় তোলা হিসেবে। বিভিন্ন ধরনের আতর ৮০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা তোলায় বিক্রি হচ্ছে। পাওয়া যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান, দুবাই (আরব আমিরাত), কম্বোডিয়া, ভারতসহ বিভিন্ন দেশের আতর। সৌদি আরবের সুলতানি আতর, রেড রোজ, বেলি, জান্নাতুল ফেরদৌস, রেড জাফরান বিক্রি হয় এক হাজার থেকে দুই হাজার টাকায়। তা ছাড়া খুব ছোট শিশিতে ২০০ থেকে ২৫০ টাকায়ও এসব আতর পাওয়া যায়।ছোট শিশিতে পাকিস্তানি আতরের দাম ২০০ থেকে ২৫০ টাকা তোলা। দুবাইয়ের সিকে, নুরা, লাইলাতি, মমতাজ কালেকশন, মারভেলাস, দরবার, মেসকে আম্বার ও রোজ বিক্রি হয় ১০০ থেকে সাড়ে তিন হাজার টাকা তোলায়। ভারতের কাঁচা বেলি, কুলওয়াটার, সিকে ওয়ান, তাইফিরোজ পাওয়া যায় ৪০০ থেকে এক হাজার টাকা তোলায়। দেশি আতরের মধ্যে হাসনা হেনা, রজনীগন্ধা, নাইট ফ্লাওয়ার, ফ্যান্টাসিয়া, গোলাপ ও বেলি প্রতি তোলা ৪০০ থেকে সাড়ে ৫০০ টাকা। আর এক হাজার থেকে দুই হাজার টাকায় পাওয়া যায় মাসকুবা, শাবা, সিফাত, সুলতানা, রুবাইদা, মারহাবা, নবাব, সিয়াব, আল-হাজরা-শামামা ও মোখাল্লাত আতর। নামাজ পড়তে চাই জায়নামাজও। তাই জায়নামাজের বিক্রিও ভালোই। বায়তুল মোকাররমে জায়নামাজ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে দুই হাজার ২০০ টাকায়। বেশি বিক্রি হচ্ছে তুরস্ক ও পাকিস্তানি জায়নামাজ। পাকিস্তানি জায়নামাজ ৩০০ থেকে ৮০০, তুর্কি জায়নামাজ ৫০০, চীনা জায়নামাজ ২০০ থেকে ২৫০ এবং সৌদি আরব, ইরান, ওমান, মিসর, জর্ডান, আফগানিস্তান ও মালয়েশিয়ার জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে এক হাজার টাকায়। দেশি জায়নামাজের দাম ৭০ থেকে ২৫০ টাকা। তসবি বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকায়। বেশি চলছে জাপানি ফাইবার ও সৌদি রেডিয়াম। এই তসবিগুলোর দাম ৩০ থেকে ৫০ টাকা। এ ছাড়া পাথরের তসবি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়।