
ঈদের কেনাকাটায় শেষ ভিড় জমেছে সেমাই ও সেমাই রান্নার অনুষঙ্গের দোকানে। সেমাইয়ের চাহিদা বাড়লেও দাম বাড়েনি। তবে সেমাই রান্নার অনুষঙ্গ প্যাকেটজাত তরল দুধের দাম বেড়ে গেছে। সংকটের অজুহাত দেখিয়ে মহল্লার দোকানে ৬২ টাকা এক লিটার দুধ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।
দাম বেড়েছে সেমাই রান্নার অন্যান্য অনুষঙ্গ কিশমিশ, বাদাম, কাঠবাদামের।
রাজধানীর রামপুরা, বাড্ডা, কারওয়ান বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, মুদি দোকানের পাশাপাশি অনেক মৌসুমি ব্যবসায়ীও সেমাই বিক্রি করছেন। খুচরায় প্রতি কেজি খোলা সেমাই ৫০ টাকা, খোলা লাচ্ছা সেমাই ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশির ভাগ ক্রেতার পছন্দ প্যাকেটজাত লাচ্ছা সেমাই। এ কারণে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের চাহিদাও বেশি। আলাউদ্দিন, কুলসুন, বনফুলসহ বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আধা কেজির লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
রামপুরা কাঁচাবাজারে টেবিল নিয়ে সেমাই বিক্রি করছিলেন আবদুস সামাদ। বছরের অন্য সময় ভিন্ন ব্যবসা করলেও পাঁচ-ছয় দিন ধরে সেমাই বিক্রি করছেন। জানালেন, গত দু-তিন দিন অনেক সেমাই বিক্রি হয়েছে। সে অনুযায়ী গতকাল (রোববার) বিক্রি কম। সোমবার বাড়বে।
পুরান ঢাকার মৌলভীবাজারের সেমাইয়ের পাইকারি ব্যবসায়ী মনির হোসেন বলেন, রমজান মাসের শুরু থেকেই পাইকারিতে সেমাইয়ের বেচাকেনা ভালো। অন্যান্য বছর ঈদের আগে প্রতিদিন গড়ে ৭০০ কেজি সেমাই বিক্রি হলেও এবার তা বেড়ে এক হাজার কেজিতে দাঁড়িয়েছে।
পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন, রাজধানীতে এখনো শতাধিক কারখানায় সেমাই তৈরি হয়। কিছু কারখানা নানা কারণে বন্ধ হয়ে গেলেও ভালো মানের নতুন অনেক কারখানায় সেমাই তৈরি হচ্ছে। খাদ্যপণ্য প্রস্তুতকারী বড় বড় প্রতিষ্ঠানও সেমাই তৈরি করছে।
প্রতি কেজি কিশমিশ গতকাল বিক্রি হয়েছে মানভেদে ৪০০ থেকে ৫০০ টাকায়। আগে দর ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা। ৫০ গ্রাম ওজনের কাঠবাদামের প্যাকেট ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের এলাচির কেজি এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকা। মাঝারি মানের এলাচি পাওয়া যাচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা কেজি।
এ ছাড়া, দারুচিনি ৩০০, আলুবোখারা ৪০০, লবঙ্গ এক হাজার ৫০০, তেজপাতা ১৭০ থেকে ১৮০ এবং জিরা ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রতিটি জায়ফল বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। গত বছর প্রতিটি জায়ফল ১০ থেকে ১২ টাকায় বিক্রি হয়।
তরল দুধের কৃত্রিম সংকট: ঈদ ঘনিয়ে আসায় রাজধানীতে তরল দুধের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। প্যাকেটজাত তরল দুধ কিনতে ক্রেতাকে বেশ কয়েকটি দোকান ঘুরতে হচ্ছে। এরপর রয়েছে বাড়তি দাম।
বনশ্রীতে গত শনিবার রাতে এই প্রতিবেদক এক দোকান থেকে ৭৫ টাকায় মিল্ক ভিটার এক লিটার তরল দুধ কেনেন। তখন দোকানি বলেন, ‘আপনি পরিচিত বলে ৭৫ টাকায় দিলাম। এমনিতে বিক্রি করছি ৮০ টাকায়।’ আশপাশের আরও তিন-চারটি দোকানেও একই দাম।
গতকাল ওই সব দোকান ঘুরে তরল দুধ বিক্রি হতে দেখা যায়নি। রামপুরা কাঁচাবাজার এলাকার ১০টি দোকান ঘুরে দুটি দোকানে তরল দুধ বিক্রি হতে দেখা গেছে। দাম প্রতি লিটার ৮০ টাকা।
তরল দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো অবশ্য বলছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। দোকানিরা ইচ্ছে করেই বেশি দাম নিচ্ছেন।
জানা গেছে, ঈদ সামনে রেখে মিল্ক ভিটার দুধ তিন থেকে সাড়ে তিন লাখ লিটার, ব্র্যাক ডেইরি (আড়ং) দুই লাখ ১০ হাজার লিটার, প্রাণ দেড় লাখ লিটার তরল দুধ বাজারে সরবরাহ করেছে।
যোগাযোগ করা হলে ব্র্যাক ডেইরির মহাব্যবস্থাপক মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রোববারও আমরা দুই লাখ ১০ হাজার লিটার দুধ সরবরাহ করেছি। সোমবার আমাদের সরবরাহের চাহিদা দুই লাখ ১০ থেকে ১৫ হাজার লিটার। তাহলে সংকট কেন হবে?’ তিনি জানান, তিনিও কয়েকজনের কাছে তরল দুধের সংকটের কথা শুনেছেন।
দাম বেশি নেওয়ার বিষয়ে মোসলেহ উদ্দিন বলেন, ‘আমরা বিক্রেতাদের কখনো বেশি দাম নিতে উৎসাহিত করি না। তাঁরা বেশি দামে বিক্রি করলেও আমরা একটা পয়সাও পাই না। বেশি দাম নেওয়ার মধ্য দিয়ে তাঁরা আসলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। খুচরা পর্যায়ের এই প্রতারণা ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’