শেষ মুহূর্তে ঈদকার্ড কেনার হিড়িক
ঈদ একেবারে হাতের নাগালে এসে গেছে। পছন্দের কাপড়চোপড় কেনা শেষ। এখন ঈদকার্ড কেনার জন্য তরুণ-তরুণীদের দৌড়ঝাঁপ। নানা রকমের মিউজিক কার্ডে ভরপুর এখন বাজার। শহরের শেখ রাসেল সড়কের একটি দোকানে গতকাল কার্ড কিনতে আসা কলেজছাত্র সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির এই সময়ে হাতের মুঠোয় রয়েছে ফেসবুক, ইন্টারনেট, খুদেবার্তাসহ কত কিছু। বিশেষ করে মুঠোফোনের খুদেবার্তায় দ্রত মনের ভাব প্রকাশ করা যায়; কিন্তু তাতে যেন অপূর্ণতা থেকে যায়। সেই পূর্ণতা এনে দিচ্ছে এসব মিউজিক কার্ড। কার্ড দিয়ে প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা বা আমন্ত্রণ না জানালে খারাপ দেখায়। শহরের এন্ডারসন সড়কের খবরবিতানে সাজানো রয়েছে নানা কার্ড। কার্ড খুললেই স্বয়ংক্রিয়ভাবে জানান দেয়, ‘ঈদ মোবারক’, ‘আই লাভ ইউ’। অথবা শোনা যায় প্রিয় কোনো শিল্পীর জনপ্রিয় গান। একটি কার্ডে সর্বোচ্চ ১৫টি গানের মিউজিক রয়েছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ডিজিটাল মিউজিক কার্ড কেনার জন্য গতকাল ব্যস্ত হয়ে পড়ে। কলেজছাত্র মনজুর কাদির বলেন, ঈদের কেনাকাটার তালিকায় কাপড়চোপড়ের পাশাপাশি ঈদকার্ডও রাখা ছিল। কার্ড দিয়ে বন্ধু অথবা প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানো না গেলে আনন্দটাই মাটি হয়ে যাবে। শহরের ঝাউতলা, লালদীঘিরপাড়া, বৌদ্ধমন্দির সড়ক, টেকপাড়া, বার্মিজ মার্কেট, পানবাজার সড়কসহ বিভিন্ন স্থানে শতাধিক দোকানে ঈদকার্ড বিক্রি হচ্ছে। চীন, ভারত ও পাকিস্তানের তৈরি নানা মিউজিক কার্ড বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৭০০ টাকায়।খবরবিতানের পরিচালক মোহাম্মদ শিহাব বলেন, কয়েক দিন ধরে ঈদকার্ড বেচাবিক্রি বেড়ে গেছে। স্কুল-কলেজের ছেলেমেয়েরাই মিউজিক কার্ড বেশি কিনছেন। বিশেষ করে ডিজিটাল কার্ড রবিন মিক্স, রবিন হুড, হট রিমিক্স, সুপার জাফরিনসহ আজাদ ও শাহীন প্রোডাক্সের নানা ধরনের মিউজিক কার্ড বেশি বিক্রি হচ্ছে। দেশীয় কার্ড বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩০০ টাকায়। কলেজছাত্রী ফারজানা ইয়াসমিন বলেন, প্রিয়জনদের কাছ থেকে পাওয়া একটি কার্ড ঈদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। ঈদ যত দিন থাকবে, নানা আঙ্গিকে ঈদকার্ডের ব্যবহারও থাকবে। কার্ড ছাড়া কি ঈদ হয়?