শেষ মুহূর্তে ঈদের বাজার জমে উঠেছে টেকনাফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ঈদের বাজার জমে উঠেছে। ২৫ রমজানের পর থেকে শহরের অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সর্বত্রই ক্রেতাদের ভিড়। দোকানিরা বলছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দোকানগুলোতে পণ্যসামগ্রী তোলা হয়েছে। কোনো ধরনের পণ্যতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না। তবে উন্নতমানের পণ্যের দাম একটু বেশি। আগে ক্রেতাদের ভালো মানের কাপড় ও পণ্যসামগ্রী কিনতে জেলা সদর কক্সবাজার ও চট্টগ্রামে যেতে হতো; কিন্তু এখন সেই মানের কাপড় ও পণ্যসামগ্রী টেকনাফের বিভিন্ন বিপণিবিতানে পাওয়া যাচ্ছে। তবে বিগত বছরের তুলনায় এ বছর বেচাকেনা একটু বেশি। শাড়ি, জামাকাপড় ছাড়াও তৈরি পোশাক, জুতা-স্যান্ডেল, থ্রি-পিস ও প্রসাধনীর দোকানে ভিড় ছিল লক্ষণীয়। দোকানিরাও নতুন নতুন মালপত্র দিয়ে দোকান সাজিয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করতে বেশি আসছেন।প্রতিবারের মতো এবারও শহরের কোম্পানি মার্কেট, ফরিদ শপিং কমপ্লেক্স, দ্বীপ প্লাজা, সম্রাট মার্কেট, নিউ গনি মার্কেট, ফ্যাশন হাউস, হকার্স মার্কেট, বার্মিজ মার্কেট, ছিদ্দিক মার্কেট, নাফ কুইন মার্কেট ও গরিবের নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেট বিশেষভাবে সাজানো হয়েছে। শহরের বড় বাজারের কোম্পানি মার্কেটের অভিজাত শাড়ির দোকান মাহিবী ক্লথ স্টোরে ‘নাইট কুইন’ শাড়ির দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ ৩৫ হাজার ৫০০ টাকা।জনসেবা ও ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী রফিকুল করিম বলেন, এবার ঈদে ক্রেতাসাধারণকে আকৃষ্ট করার জন্য বিদেশি বিভিন্ন কোম্পানির উন্নতমানের শাহি পাঞ্জাবি, শার্ট, জিন্স প্যান্ট, চায়না প্যান্ট, সেন্ডেল, সু ও বেল রাখা হয়েছে। গত বছরের চেয়ে এবার বিক্রি বেশি হচ্ছে।টেকনাফ বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক জানান, ঈদ সামনে রেখে মার্কেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় এবার চাঁদাবাজি নেই এবং ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরে যেতে পারছেন।