শেষ মুহূর্তে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার শুরুতে বৃষ্টির কারণে তেমন ভিড় দেখা না গেলেও শেষ মুহূর্তে জমে উঠেছে নওগাঁর বিপণিবিতানগুলো। এখন শহরের প্রায় সব বিপণিবিতানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের সামলাতে দম ফেলার ফুরসত পাচ্ছেন না দোকানের মালিক-কর্মচারীরা।
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। শেষ মুহূর্তে শহরের তৈরি পোশাকের জন্য অভিজাত বিপণিবিতানগুলোর মধ্যে গীতাঞ্জলি আনন্দ বাজার, ক্রিসেন্ট মার্কেট, বসাক শপিং কমপ্লেক্স, মাজেদা সুপার মার্কেট, দেওয়ান বাজার, শুভ প্লাজার দোকানগুলোতে ছুটছেন ক্রেতারা। এসব তৈরি পোশাকের দোকানে ক্রেতাদের চাহিদা মোতাবেক নানা ধরনের পোশাকের সমারোহ শোভা পাচ্ছে।
সাত-আটজন ব্যবসায়ী বলেন, গত বছরের চেয়ে এ বছর বেচাকেনা ভালো হচ্ছে। এই বেচাকেনা ঈদের রাত পর্যন্ত চলবে বলে তাঁরা আশা করছেন। ১০-১২ জন ক্রেতা বলেন, বাজারে বড়দের পছন্দের পোশাকের সরবরাহের কোনো কমতি নেই। সবকিছুই ক্রয়ক্ষমতার মধ্যে।
তৈরি পোশাকের দোকান শিলামণির মালিক নেপাল চন্দ্র বলেন, এ বছর তরুণীদের পছন্দের থ্রি পিসের মধ্যে কিরণমালা, তানসি, দিল্লি কটন, গাউন, ফ্লোরটাচ ইত্যাদি রয়েছে। কিরণমালা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। লেহেঙ্গা বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। তানসির মূল্য ৩ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ডিভাইডার, দিল্লি কটন, গাউন, ফ্লোরটাচ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। ছেলেদের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছে মোদি কটি। মোদি কটির দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ছেলেদের শার্ট-প্যান্ট বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া পাঞ্জাবির মধ্যে পছন্দের তালিকায় রয়েছে প্রচ্ছদ পাঞ্জাবি, নক্ষত্র পাঞ্জাবি এবং রবির-গ্রেড পাঞ্জাবি। এসব বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা পর্যন্ত।
শিপলু বুটিকস দোকানের মালিক শিপলু রায় বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই এবার পোশাকের দাম রয়েছে। কোনো পোশাকে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না। তবে উন্নতমানের পোশাকের দাম একটু বেশি।
শহরের শাড়ির দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নারী ক্রেতারা। শহরের মদিনা মার্কেট, বান্ধব বস্ত্রালয়, গণেশ বস্ত্রালয়, আত্রাই শাড়িঘর, লক্ষ্মী বস্ত্রালয়, শশী ফ্যাশন, বাঁকুড়া বস্ত্রালয়সহ শতাধিক অভিজাত শাড়ির দোকানে তাঁরা তাঁদের পছন্দমতো শাড়ি কিনছেন।
গণেশ বস্ত্রালয়ের বিক্রেতা অভিজিৎ রায় বলেন, শাড়ির ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের কোনো পরিবর্তন নেই। চাহিদার শীর্ষে রয়েছে যথারীতি টাঙ্গাইল সুতি, সিল্ক, জামদানি ও কাতান। সিল্কের মধ্যে বেশি চলছে তানসেন।
তবে সবার আগে শিশুদের পোশাক কিনতেই মার্কেটগুলোতে ছুটছেন অভিভাবকেরা। এসব দোকানে তরুণীদের পাশাপাশি ছোট বাচ্চাদের পোশাকের সমারোহের কমতি নেই। দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেল, এবার ঈদে শিশুদের পোশাকের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শার্ট-প্যান্ট, শেরওয়ানি ও পাঞ্জাবি। এ ছাড়া তাদের পছন্দের তালিকায় রয়েছে ওয়েস্টার্ন, ইন্ডিয়ান ওয়েস্টার্ন, লোকাল ইন্ডিয়ান, ফ্লোরটাচ ইত্যাদি। এসব বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।