শেষ মুহূর্তে কিছুটা জমল কুড়িগ্রামের নির্বাচনী প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে এসে নির্বাচনী প্রচারণা কিছুটা জমে উঠেছে কুড়িগ্রামে। এত দিন প্রার্থীরা সেভাবে প্রচার-প্রচারণা না চালালেও গতকাল বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে সব প্রার্থীই ভোটার ও নেতা-কর্মীদের কাছে যাওয়ার চেষ্টা করেন। কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন হচ্ছে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী) ও কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলার একাংশ) আসনে।
নাগেশ্বরী উপজেলার অন্যতম বাজার গঙ্গারহাট থেকে মোটরসাইকেলে করে ভুরুঙ্গমারী যাওয়ার পথে ৩৮ কিলোমিটার সড়কে সেভাবে কোনো নির্বাচনী পোস্টার চোখে পড়েনি। ভুরুঙ্গামারী থানার সামনে গিয়ে চোখে পড়ল কয়েক হাজার আনসার সদস্য। বোঝা গেল নির্বাচনের প্রস্তুতি চলছে।
থানার কিছুটা সামনেই নেহালউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে চোখে পড়ল কুড়িগ্রাম-১ আসনের তিনবারের সাংসদ ও জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। কে কোন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, সেই নির্দেশনাও দিচ্ছেন।
ওই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে তালা মার্কা নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই। এ ছাড়া জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী আবদুর রশিদ নির্বাচন করছেন বাইসাইকেল নিয়ে।
এলাকার লোকজন জানান, এখানে লাঙ্গলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তালার। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এলাকায় বেশ জনপ্রিয়। গতকাল তিনি জয়মনিরহাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। স্থানীয় বিএনপির একটি অংশও তাঁর সঙ্গে কাজ করছেন। ভুরুঙ্গামারীর ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, ‘এত দিন প্রার্থীদের দেখিনি। শেষ মুহূর্তে এসে নির্বাচন হচ্ছে। আমার মনে হয় লাঙ্গলের সঙ্গে তালার লড়াই জমবে।’
প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত তিন বছরে অনেক কাজ করেছি। লোকজন আমাকেই ভোট দেবে।’ তবে স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জিতব বলে আশা করি।’ কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সাংসদ জাকির হোসেন আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে বাইসাইকেল নিয়ে নির্বাচন করছেন জেপির প্রার্থী রুহুল আমিন। হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন আবদুল মোতালেব। এখানেও গতকাল নির্বাচনী প্রচারণা জমে ওঠে। জাকির ও রুহুল গতকাল রৌমারী এলাকায় প্রচারণা চালান।
এলাকাবাসী বলছেন, এখানে নৌকা ও বাইসাইকেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ, বিএনপি নির্বাচনে না থাকলেও দলটির তৃণমূলের নেতা-কর্মী ও আওয়ামী লীগের একটি অংশ রুহুল আমিনকে সমর্থন দিচ্ছেন।
রাজীবপুর উপজেলার মোহনগঞ্জের কলেজছাত্র মমিনুল ইসলাম বলেন, এলাকার অনেক লোকজন রুহুল আমিনের পেছনে ছুটছেন। জামায়াতের একটি অংশও তাঁকে সমর্থন দিচ্ছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা এ বি এম আজাদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি আমরা শেষ করেছি। আশা করি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’