শেষ মুহূর্তে কেনাকাটার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ। আর এই ঈদ উৎ সবের রং ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিপণিবিতানগুলোতে গেলেই চোখে পড়ে উৎ সবের আমেজ। বাদ পড়েনি ফুটপাত আর কাঁচাবাজারও। পোশাক-আশাকের সঙ্গে এখন ঈদের কেনাকাটার তালিকায় শামিল হয়েছে সেমাই, চিনি কিংবা মসলার মতো অনুষঙ্গ। ঈদের পোশাক কেনাকাটার শেষ পর্যায়ে বাড়ির কর্তা-গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের খাবারের উপকরণ জোগাড় করতে। সেমাই ও পায়েস ছাড়া কি আর ঈদ হয়! ধুম পড়েছে এসব কেনাকাটার।এর মধ্যেই বহু মানুষ ঢাকা ছেড়ে গ্রামে গেলেও বিপণিবিতানগুলোতে গতকাল সোমবারও ছিল প্রচুর ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় আনন্দের সঙ্গে সঙ্গে বিড়ম্বনাও কম ছিল না। কাপড়ের নকশা পছন্দ হয় তো রং মেলে না। রং-নকশা দুটোই পাওয়া গেলে তো মাপমতো হয় না। দোকানি নির্মোহভাবে তাকিয়ে বলেন, মাপমতো পোশাক নেই। বাধ্য হয়েই ক্রেতাদের ঝুঁকতে হয় দ্বিতীয় পছন্দের দিকে। অনেকে আবার সুযোগ বুঝে বাড়তি জামাকাপড় কিনতে বেরিয়েছেন প্রিয়জন নিয়ে। ঈদ উৎ সব বলে কথা।পান্থপথের একটি অভিজাত বিপণিকেন্দ্রে গতকাল এসেছিলেন তৌহিদ ইসলাম-সুমাইয়া সিগমা দম্পতি। পেশায় বস্ত্র প্রকৌশলী তৌহিদ ইসলাম জানালেন, বিয়ের পর এবারই প্রথম ঈদ তাঁদের। ঈদের মূল কেনাকাটা অনেক আগেই হয়েছে। কিন্তু নববধূ সিগমার আগের জামাটি ঠিক মনের মতো হয়নি। তাঁর পছন্দ একটু ঝলমলে পোশাক। তাই গতকাল তিনি আবারও এসেছেন স্ত্রীর বায়না মেটাতে। সোমবার রাজধানীর ফুটপাত থেকে অভিজাত বিপণিবিতানগুলো ছিল লোকে লোকারণ্য। রাজধানী সুপার মার্কেটের নিলা ক্লথ স্টোরের বিক্রয় প্রতিনিধি শামসুল হক মৃধা বলেন, ঈদের কারণে ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ঢাকাবাসীর কেউ কেউ বাস, ট্রেন অথবা লঞ্চঘাটে ছুটছেন বাড়ি ফেরার জন্য। আর যাঁরা ঢাকায় থাকবেন, তাঁরা মার্কেটে এসে জড়ো হচ্ছেন কেনাকাটা করতে। নগরে গতকাল অধিকাংশ রাজপথে তেমন যানজট না থাকলেও বিপণিকেন্দ্রগুলোকে কেন্দ্র করে এর আশপাশের সড়কে দেখা গেছে ভিড়বাট্টা ও যানবাহনের পরিচিত জটলা।শেষ মুহূর্তে অনেকে আবার জামাকাপড়ের পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্রও কিনছেন। ফুলদানি থেকে শুরু করে ঘরের পর্দা, সোফার কুশন, টেবিলের আচ্ছাদনী প্রভৃতি রয়েছে এ তালিকায়। শিশু একাডেমীর সামনে মৃৎ শিল্পসামগ্রী এবং বিভিন্ন শৌখিন দ্রব্যের পসরায়ও বেচাকেনা জমেছিল বেশ। একাডেমীর মূল গেটের পশ্চিম পাশে একজন বিক্রেতা জানালেন, বিক্রি হচ্ছে বেশ ভালো। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১ নম্বর এবং ১১ নম্বর পর্যন্ত রাস্তার দুই ধারের দোকানগুলোতে গতকাল খুবই ভিড় ছিল। এখানে মধ্যবিত্ত ক্রেতাদের প্রধান পছন্দ। পুরো এলাকার বিক্রয়কেন্দ্রগুলোতে বাহারি নকশার নতুন পোশাক এসেছে ঈদ উপলক্ষে। গতকাল মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, মিরপুর ১ ও ২ নম্বর গোলচত্বর, মিরপুর স্টেডিয়ামসংলগ্ন ফুটপাতে নিম্ন আয়ের মানুষের ভিড়। একই চিত্র দেখা গেল কারওয়ান বাজার, গুলিস্তান, মতিঝিল শাপলা চত্বর, পল্টন এলাকায়। এখানে হকাররা সুরে সুরে দাম উল্লেখ করে পোশাক বিক্রি করছিলেন। এখানে ৮০ থেকে ৩০০ টাকার মধ্যে সামর্থ্য অনুযায়ী ক্রেতারা পোশাক কিনতে পারছিলেন। আলমগীর হোসেন নীলক্ষেতের একটি দোকানে সহকারী হিসেবে চাকরি করেন। সখেদে বললেন, ‘মালিক ঈদের বোনাস দিছে রোববার। এখন বাড়ি যাওয়ার ব্যাগ গুছাইয়া আসছি ঈদের মার্কেটিং করতে। নতুন জামাকাপড় কিইন্যা সায়েদাবাদ গিয়া ডাইরেক্ট বাসে উঠুম।’ চাই সেমাই, পোলাওয়ের চাল: পুরান ঢাকার কাপ্তান বাজার, রায়সাহেব বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুরের কৃষি মার্কেট, হাতিরপুলসহ বিভিন্ন কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় ছিল ব্যাপক। কাপ্তান বাজারের বাদশা মিয়া জানালেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সেমাই বিক্রি হচ্ছে প্যাকেটের গায়ে লেখা নির্দিষ্ট দামেই। অন্যান্য পণ্যেরও দাম বাড়ানো হয়নি। তবে বাজার ভেদে পণ্যের দামে তারতম্য দেখা গেছে। লম্বা সাদা ও লাল সেমাই, খোলা ও প্যাকেট লাচ্ছা সেমাই বিক্রির ধুম পড়েছিল। গতকাল বিভিন্ন শ্রেণীর ক্রেতার ভিড় ছিল এ বাজারে। সামর্থ্যবানেরা সেমাই-পোলাওয়ের চাল এসব কিনতে ভিড় করছেন চেইন শপগুলোতে। ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিটের চেইন শপ স্বপ্নতে দেখা গেল প্রচুর ক্রেতা খাদ্যসামগ্রী কিনছেন। সংখ্যায় নারীরাই বেশি। স্বপ্ন-এর একজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেল, মূলত গৃহিণীরাই আসছেন কেনাকাটা করতে। আর বেশির ভাগ গৃহিণীর বাজারের ফর্দে সেমাই, দুধ, চিনির পাশাপাশি পোলাওয়ের চাল, গরু ও মুরগির মাংসসহ বিভিন্ন রকমের মসলা রয়েছে।