শেষ মুহূর্তে কেনাকাটার ধুম, বাণিজ্য মেলার সময় বাড়ল চার দিন

ক্রেতা-বিক্রেতা উভয়েরই ব্যস্ততার শেষ নেই। মেলায় বেজে উঠেছে বিদায়ের রাগিণী। ভিড়ভাট্টা প্রবল। ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ আজ মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল সোমবার মেলায় দেখা যায়, প্রতিটি স্টলেই ক্রেতাদের বিপুল সমাগম। প্রায় সবার হাতেই ব্যাগ। মেলার শেষ সময়ে বেড়াতে আসার লোকের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি। মাহমুদ হাসান অফিস থেকে একটু সময় বের করে পরিবার নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আজকেই এলাম। ঘরের কিছু জিনিস কেনার ছিল। শেষের দিকে ছাড়-টারও পাওয়া যায় ভালো।’ বেশ কয়েকজন ক্রেতা বললেন, শুরু দিকে তাঁরা মেলার পরিস্থিতি বুঝতে আসেন। আর শেষের দিকে প্রায় সব পণ্যেই কিছু ছাড় থাকে। তাই এ সময়টাতেই তাঁরা কেনাকাটা করেন।

বিক্রেতাদেরও একই কথা। মেলার শেষ সময়ে বেচাবিক্রি জমেছে। ইলেকট্রো মার্ট লিমিটেডের প্যাভিলিয়নের করপোরেট সেলের সিনিয়র ম্যানেজার ইয়াছিন মজুমদার বলেন, ‘বিক্রি তেমন হয়নি। কিছুদিন ধরে যা একটু হচ্ছে। এখন যদি আরও কিছুদিন সময় বাড়ায়, তাহলে ভালো হতো।’ থাইল্যান্ডের স্টলের এক জুতার দোকানি রবিউল ইসলাম বলেন, এত দিন ছিল দর্শক। শেষ ১০ দিনে ক্রেতা বেড়েছে। পাটপণ্যের একটি স্টলের বিক্রেতা আতিফ ইসলাম গত এক সপ্তাহের বিক্রির খাতা দেখিয়ে বলেন, গতবারের তুলনায় বিক্রি কম।
কেনাকাটা ছাড়াও বাণিজ্য মেলা অনেকের কাছে সময় কাটানোর একটি জায়গা। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী মেলায় ঘুরছে, সেলফি তুলছে। এদের একজন নবম শ্রেণিতে পড়ুয়া নিশাত রহমান বলে, ‘আমরা এখানে প্রায়ই ঘুরতে আসি। আজকে স্কুলে খেলা ছিল, চলে এলাম।’ বন্ধুকে নিয়ে এসেছেন ফাহিম খান। মেলায় প্রায়ই আসেন ঘুরতে। তিনি বলেন, ঘোরাঘুরির জন্য এ রকম যেকোনো আয়োজন ভালোই।
গতকাল দেখা গেল প্লাস্টিকপণ্যের স্টলগুলোতে তুলনামূলক ভিড় বেশি। এ ছাড়া অলটাইম এবার লাইভ ফ্যাক্টরির ব্যবস্থা করেছে। ক্রেতারা নানা ধরনের ব্রেড তৈরির প্রক্রিয়া সরাসরি দেখছেন। বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা থাকায় অনেকেই শিশুদের নিয়ে এসেছেন।
পয়লা জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মেলার সময় বাড়ানো হয়েছে। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের বৈঠকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। বাণিজ্য মেলার সদস্যসচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মেলার সময়সীমা ১০ দিন বাড়ানোর আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত ইপিবির পরিচালনা পর্ষদ চার দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।