কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে লড়াই জমে উঠেছে। ভোটারদের ধারণা, এবার এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
১৩ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপির প্রার্থী দলটির উপজেলা সহসভাপতি কফিল উদ্দিন আহম্মদ (ধানের শীষ) ও সদ্য প্রয়াত চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের ছেলে এবং আওয়ামী লীগের প্রার্থী নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি কারার শাহরিয়ার আহমেদ।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের প্রার্থীর বয়স অনেক কম হওয়ায় দলের অনেকেই এটা মেনে নিতে পারেননি। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে দুবারের পরাজিত বিএনপির প্রার্থীর পক্ষে অনেকটা সহানুভূতি নিয়েই দলের সবাই এক হয়ে কাজ করছেন।
গত শনিবার ইউনিয়নের মোহরকোনা, পূর্বগ্রাম, নতুন বাজার, ষাইটধার, গোবিন্দপুর, পাঁচরুখি ও খুর্শা এলাকার প্রায় ২৫-৩০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রার্থী কফিল উদ্দিন আহম্মদ ইউপি নির্বাচনে এই নিয়ে তৃতীয়বারের মতো লড়াই করছেন। সে জন্য অনেকটা সহানুভূতি থেকে নেতা-কর্মীরা ভেদাভেদ ভুলে এককাট্টা হয়ে কাজ করছেন। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী নতুন মুখ হওয়ায় ও দলীয় কোন্দলের কারণে অনেক ভোট বিএনপির প্রার্থীর পক্ষে চলে যেতে পারে।
আওয়ামী লীগের প্রার্থী কারার শাহরিয়ার আহমেদ অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি স্বীকার করে বলেন, দলের অনেক নেতাই তাঁর বিপক্ষে কাজ করছেন। তবে তিনি দাবি করেন, দলের সব তরুণ নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। নির্বাচনে তাঁর বিকল্প প্রার্থী নেই। কারণ, তাঁর বাবা একাধারে তিনবার ক্ষমতায় ছিলেন। তাই তিনি তাঁর বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। অন্য কেউ নির্বাচিত হলে তাঁর মতো এলাকার উন্নয়ন করতে পারবে না।
বিএনপির প্রার্থী কফিল উদ্দিন বলেন, ‘আগের দুটি নির্বাচনের ফলাফল আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমার জয় সুনিশ্চিত। তবে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটারদের বিভ্রান্ত ও নানা রকম হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছি।’
রিটার্নিং অফিসার ও বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। বিএনপির প্রার্থীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। আওয়ামী লীগের প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন না করেন, সে জন্য তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।