শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। মিছিল, জনসভার পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন দলের জেলা কমিটির নেতারাও।
কুলাঘাটসহ জেলার আটটি ইউনিয়নে ৩১ অক্টোবর নির্বাচন হবে। বিলুপ্ত ছিটমহল ভিতরকুঠি বাঁশপচাই ও বোয়ালমারী বাঁশপেচাই কুলাঘাটে অন্তর্ভুক্ত হয়েছে। সেখানকার বাসিন্দারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ইউনিয়নের ভোটারসংখ্যা ২০ হাজার ৫১৬ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, বিএনপি মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, জাতীয় পার্টির হামিদুর রহমান ও ইসলামী আন্দোলনের জাবেদ আলী। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে রয়েছেন রেজাউল করিম। তবে স্থানীয় লোকজন মনে করছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে।
ওই ইউনিয়নের শিবেরকুঠি গ্রামের এমদাদুল হক (৪৫) বলেন, সব প্রার্থী তাঁদের কাছে ভোট চাচ্ছেন। যাঁকে সৎ ও যোগ্য মনে হবে এবং যিনি বেশি শিক্ষিত তাঁকে েভাট দেবেন। ধাইরখাতা গ্রামের হাবিবুর রহমান বলেন (৪৫) বলেন, ‘সব প্রার্থী ভোট চাচ্ছেন। যাঁকে ভালো মনে হবে তাঁকে ভোট দিব।’
শাহজাহান জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি এর আগে জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি তিনবার কুলাঘাট ইউপির চেয়ারম্যান ছিলেন। একসময় বিভিন্ন কারণে তিনি আলোচিত ও সমালোচিত হন। শাহজাহানের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ অন্য নেতারা।
শাহজাহান বলেন, ‘নির্বাচিত হয়ে বা নির্বাচিত হতে জনগণের উন্নয়নের জন্যই আমি দলবদল করেছি। নৌকা উন্নয়নের প্রতীক। এবার জনগণের সমর্থনে বিজয়ী হব।’
ইদ্রিস আলী কুলাঘাট ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি লালমনিরহাট সদর উপজেলা ও কুলাঘাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি। ধানের শীষের সমর্থনে প্রচারণায় যোগ দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ অন্য নেতারা।
ইদ্রিস আলী বলেন, ‘এই নির্বাচনে কেউ শুধু প্রতীকের দোহাই দিচ্ছেন, কেউ বা ইউনিয়নটিকে তাঁদের দুর্গ দাবি করে ভোট চাচ্ছেন। আমি আমার সততা, গ্রহণযোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ভোট চাচ্ছি। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে এবারও বিজয়ী হব।’
হামিদুর কুলাঘাট ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তিনি এবারই প্রথম চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। লাঙ্গল প্রতীকের সমর্থনে ২১ অক্টোবর প্রচারণা চালান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়া দলের অন্য নেতারাও প্রচারণায় অংশ নিচ্ছেন।
হামিদুর বলেন, জাতীয় পার্টির শান্তিপূর্ণ রাজনীতির প্রতি ভোটারদের ব্যাপক সমর্থন রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, কুলাঘাট ইউনিয়নসহ আটটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।