নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা।গত ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে তা স্থগিত করে নির্বাচন কমিশন। এতে প্রার্থীদের পাশাপাশি ভোটাররা হতাশ হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় নির্বাচনী প্রচারণা। অবশেষে গত রোববার নির্বাচন কমিশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করলে আবারও প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নামেন। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, ৩০ মার্চ হাইকোর্ট এই ছয় ইউপির নির্বাচন স্থগিত করেন। পরে আপিল বিভাগে আপিল করলে আদালত ওই রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর আগামী শনিবার নির্বাচনের দিন ধার্য করা হয়। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০৭ জন ও সাধারণ সদস্যপদে ৩২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারণার আর মাত্র দুই দিন বাকি থাকায় প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অনেক প্রার্থী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করছেন। অনেকে মসজিদের নামাজ শেষে নিজেদের পক্ষে দোয়াসহ সমর্থন চাচ্ছেন।কুতুবজোম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ বোরহান উদ্দিন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়ায় সাধারণ ভোটাররা হতাশ হয়ে পড়েছিলেন। প্রার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণায় তিনি প্রচারণায় নেমেছেন। হোয়ানক ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার কামাল বলেন, ৩১ মার্চ নির্বাচন হয়ে গেলে অনেক ভালো হতো। কিন্তু মাঝখানে নির্বাচন বন্ধ করায় এখন সাধারণ ভোটারদের নির্বাচনমুখী করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এখন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।