শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত, এলাকায় মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচনী সব সামগ্রী। বাকি ছিল শুধু ভোটগ্রহণ। শনিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণের কথা ছিল। এমন পরিস্থিতিতে রাত সাড়ে নয়টার দিকে স্থগিত হয়ে যায় শরীয়তপুরের সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন।

ইউনিয়নটির নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিকী নির্বাচন স্থগিতের এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে ইউনিয়নটির নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশের কপি হাতে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলার একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের শিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের জনৈক বাদলের ভোটার তালিকা সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছয় মাসের জন্য মাহমুদপুর ইউপি নির্বাচনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। এ সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদটির ভোটার তালিকা হালনাগাদ করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এদিকে একেবারে শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়তে হয়েছে স্থানীয় প্রশাসনকে। ভোটারদেরকে বিষয়টি জানাতে রাতেই ওই ইউনিয়নে মাইকিং শুরু করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক। তিনি আরও বলেন, মাইকিংয়ের পাশাপাশি কেন্দ্রের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জামও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রাত সাড়ে দশটায় ইউনিয়নটির ৩ নং হবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তখন পর্যন্ত নির্বাচন স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাঁকে জানানো হয়নি। তাই তিনি সকালে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।