শেষ মুহূর্তে পুলিশের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের শেষ মুহূর্তে এসে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা। রাতে পুলিশ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে তাঁদের দলীয় নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা।
কাল শনিবার আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ পাঁচ ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি ইউনিয়নে শুধু একক আওয়ামী লীগদলীয় প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
চারটি ইউপির বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমের শুরু থেকেই সরকারদলীয় প্রার্থীর লোকজন বিরোধীদলীয় নেতা-কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছিলেন। এখন নির্বাচনের শেষ মুহূর্তে পুলিশ সরকারদলীয় প্রার্থীদের পক্ষ হয়ে বিরোধী নেতা-কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাঁরা মৌখিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করেছেন।
সোনামুখী ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী সোলায়মান আলী বলেন, ‘পুলিশি হুমকি-ধমকির কারণে আমার কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছি।’
তিলকপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মোজ্জাফর আহাম্মদ বলেন, পুলিশ গত বুধবার রাতে তাঁর কয়েকজন কর্মী-সমর্থকের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। এ কারণে তাঁরা কেউ নির্বাচনী এজেন্ট হতে চাইছেন না।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, অনেক প্রার্থীই পুলিশের বিরুদ্ধে কথা বলছেন। তবে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনে কারও বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ পেলে সেখানে পুলিশ যাচ্ছে। পুলিশ অযথা কাউকে হয়রানি করেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।