শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে ঢাকার সাভার পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পরিবর্তে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামানকে।
বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার রেফাত উল্লাহ কারাগারে রয়েছেন। জামিন না পাওয়া এবং নানা চাপ থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে ২৩ নভেম্বর জেলা কমিটির সভায় পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সহসভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। কেন্দ্র থেকে রেফাত উল্লাহকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার তাঁর পক্ষে স্বজনেরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু গতকাল পরিবারের পক্ষ থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানানোর পর কেন্দ্র থেকে বদিউজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়।
এ বিষয়ে রেফাত উল্লাহর ছেলে তরিকুল ইসলাম বলেন, মনোনয়নপত্র কেনার পরপরই তাঁদের ওপর নানা ধরনের চাপ আসতে শুরু করে। এ ছাড়া তাঁর বাবাকে জামিনে মুক্ত করাও সম্ভব হয়নি। এসব কারণে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।