
‘আপাদমস্তক’ শব্দবন্ধে মানবদেহের বর্ণনা শুরু পা থেকে। শব্দটির মানে ‘পা থেকে মাথা পর্যন্ত’। তবে ঈদের বাজারে বিষয়টি ভিন্ন। বরাবর ঈদের কেনাকাটা শুরু হয় বিপরীত অর্থাৎ ওপরের দিক থেকে। জামা-প্যান্ট, ফ্রক, টপস, স্কার্ট, কামিজ, সালোয়ার, শাড়ি ইত্যাদি। শিশুদেরই অগ্রাধিকার থাকে সর্বত্র। তারপর বাড়ির অন্যদের পোশাক, প্রসাধনী কেনার পর পাদুকা ক্রয়পর্বের তোড়জোড়।
বলা চলে জুতা কেনার মধ্য দিয়েই ঈদের ক্রয় অভিযানের সমাপ্তি ঘটে। তবে যবনিকাপাত, তা বলা যায় না। পবিত্র ঈদুল ফিতরে নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয়, বন্ধুবান্ধব—এ রকম অনেকের জন্য এত রকমারি কেনাকাটার ব্যাপার থাকে যে তার ব্যাপ্তি একেবারে চাঁদরাত পর্যন্ত সম্প্রসারিত। এতে নিজেদের কেনাকাটার তালিকার প্রধান বিষয়ের মধ্যে জুতা-স্যান্ডেল শেষ
পর্যায়ে থাকার কারণ হলো, অনেকেই এগুলো ঈদের নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে পছন্দ করেন। ঈদ দোরগোড়ায়। পোশাক কেনার পাট প্রায় সবাই চুকিয়ে ফেলেছেন। শেষ মুহূর্তের কেনাকাটায় এখন রাজধানীর জুতার দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
এ শহরে কিছু কিছু বাজারের রয়েছে বিশেষ ধরনের পণ্যের প্রসিদ্ধি। পুরান ঢাকার বাংলাবাজারের যেমন বই, ফুলবাড়িয়ার বঙ্গবাজারে যেমন সস্তার জিনস, তেমনি নিউ এলিফ্যান্ট রোডের জুতা। এখানে চার সড়কের সংযোগস্থানের নামটিই লোকমুখে পরিচিতি পেয়েছে এক জুতার দোকানের নামে, ‘এলিফ্যান্ট রোড বাটা মোড়’। সেই বাটার দোকানের ব্যবস্থাপক আলী হোসেন বললেন, স্বাধীনতার পর থেকেই নিউ এলিফ্যান্ট রোডে জুতার দোকান গড়ে উঠতে থাকে। তখন ঢাকায় এত মার্কেট ছিল না। ভালো মানের আধুনিক ফ্যাশনের পোশাক ও জুতার সম্ভার থাকত এই নিউ এলিফ্যান্ট রোডের দোকানগুলোতেই। এখনো দেশি-বিদেশি জুতার প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র রয়েছে এখানে। ঢাকা শহর ছাড়াও নারায়ণগঞ্জ, টঙ্গী, সাভারের বাসিন্দারাও এখান থেকে ঈদের কেনাকাটা করতেন। অন্য জেলার ক্রেতারাও আসতেন। ফলে লোকমুখে নিউ এলিফ্যান্ট রোডের দোকানগুলোর নামডাক ছড়িয়ে পড়েছে (অবশ্য ‘নিউ’ শব্দটি কেউ বলেন না)।
জানা গেল, বাটায় এবার ঈদে এসেছে শিশু, নারী ও পুরুষদের ৬৯০ ডিজাইনের পাদুকাসম্ভার। বাটা নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি হাসপাপিস, নর্থস্টার, মেয়েদের কমফিট, মেরিফ্লেয়ার, শিশুদের বাবল গাম নামের আন্তর্জাতিক ব্র্যান্ডের জুতা-স্যান্ডেলও বিক্রি করে। এবার তরুণদের পছন্দ ‘লোফার’ নামের বাটার বিশেষ ডিজাইনের ফ্ল্যাট জুতা। দেশি ব্র্যান্ডের মধ্যে অ্যাপেক্স ও বে-এম্পোরিয়ামের জুতারও বেশ কদর রয়েছে ক্রেতাদের কাছে। অ্যাপেক্সের নিউ এলিফ্যান্ট রোড বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক নাঈম হোসেন বললেন, ঈদে তাঁরা এনেছেন প্রায় ১ হাজার ১০০ ডিজাইনের জুতা-স্যান্ডেল। এ ছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ড ভেঞ্চুরিন ও নেভেরিকের পণ্যও তাঁরা বিপণন করছেন। বে-এম্পোরিয়ামের শাখা ব্যবস্থাপক ইমন খান বললেন, তাঁরা এনেছেন ৫০০ নতুন ডিজাইন।
আন্তর্জাতিক ব্র্যান্ড লোট্টোর জুতো বিশেষ করে স্নিকার ও কনভার্স তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। পশ্চিম ধানমন্ডির মিতালি রোডের ইব্রাহিম খলিলুল্লাহ দুই ছেলেমেয়েকে নিয়ে এসেছিলেন জুতা কিনতে। তিনি বললেন, ওরা পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনবে। এখানে অনেক দোকান, তাই পছন্দ করে নিতে অনেক মার্কেটে ঘুরতে হবে না। তাই এখানেই এসেছেন।
ব্র্যান্ডের দোকান ছাড়াও নিউ এলিফ্যান্ট রোডে চৌরঙ্গী ভবন, গফুর ম্যানশন, জাহানারা ভবন, আনোয়ারা ভবনের পুরোটাই জুতার দোকান। এ ছাড়া একেবারে সায়েন্স ল্যাবরেটরির মোড় পর্যন্ত পথের উভয় পাশে আলাদা জুতার দোকানও রয়েছে অনেক। তবে এসব দোকানে এবার বিক্রি তেমন হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। গফুর ম্যানশনের হালিদা শুর মালিক শহিদুল ইসলাম বললেন, তাঁরা আমেরিকার ব্র্যান্ড ক্যাট, ডক্টর মার্টিন, ইতালির বেলোনিয়া, রয়েল কেয়ার, সিঙ্গাপুরের ইকো, টিম্বারল্যান্ডসহ নাইকি, অ্যাডিডাসের কেডস, স্নিকার ইত্যাদি এনেছেন। এর দাম ৪ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া চীনের জুতা আছে প্রচুর। এগুলোর দাম ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। কিন্তু বিক্রি কম। একই কথা বললেন বিগ বাফেলোর নূর মোহাম্মদ, টপ মুডের কামরুল হাসান গাজী। বছর তিনেক থেকে এখানে বিক্রি কমে আসছে। কারণ, তাঁরা মনে করেন, শহরের সব এলাকাতেই এখন নতুন নতুন সুপার মার্কেট হয়েছে। ক্রেতা ভাগ হয়ে গেছে। মিরপুরের লোকই এখন এলিফ্যান্ট রোডে আসে না। নারায়ণগঞ্জ-গাজীপুরের লোক আসবে কেন? ফলে প্রসিদ্ধি থাকলেও নিউ এলিফ্যান্ট রোডের বাণিজ্যটা আর আগের মতো নেই।