শেষ মুহূর্তে লঞ্চঘাটেও ভিড়

ঘরমুখো মানুষের শেষ মুহূর্তে নদীপথে লঞ্চে যাওয়ার জন্য সদরঘাট টার্মিনালে উপচে পড়া ভিড় পড়েছে। আজ বুধবার দুপুর ১২টার পর থেকে যাত্রীদের ভিড় থাকায় টার্মিনালের পন্টুনে তিল ধারণের জায়গা ছিল না। অনেক যাত্রী নিজ নিজ গন্তব্যর লঞ্চ না পেয়ে টার্মিনাল এলাকায় চাদর ও পাটি বিছিয়ে বসে লঞ্চের জন্য অপেক্ষায় ছিলেন।
টার্মিনালে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা না থাকা, শ্রমিকদের দৌরাত্ম্য ও যানজটের কারণে দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীদের নানা দুর্ভোগের পড়তে হচ্ছে। আজ বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চগুলোতে ছাদে যাত্রী ও অতিরিক্ত মালামাল নিয়ে ঢাকা নদী বন্দর ত্যাগ করেছে।
ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত সময়ের আগে ৫৭টি লঞ্চ ঢাকা নদী বন্দর ছেড়ে গেছে। সকাল থেকে দক্ষিণাঞ্চলগামী শত শত নারী-পুরুষ তাদের পরিবার পরিজন ও মালামাল নিয়ে টার্মিনালে চলে আসেন। দুপুর ১২টার পর থেকে টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে। যাত্রীদের চাপে পন্টুনে তিল ধারণের ঠাঁই ছিল না।
বরিশালগামী পারাবত ১১ লঞ্চের যাত্রী ইমরান হোসেন জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টায় লঞ্চ ছাড়বে। কিন্তু যানজটে আটকে থাকার ভয়ে মিরপুরের বাসা থেকে আগেই বের হয়েছি। বিকেল ৩টায় টার্মিনালে চলে এসেছি।’ তিনি আরও বলেন, ‘গুলিস্তান থেকে টার্মিনালে আসতে ঘণ্টাখানেক সময় লেগেছে। এসেও ডেকে বসার ভালো জায়গা পাইনি। সড়কপথে যানজট এড়ানোর জন্য সকালে রওনা হই কিন্তু তারপরও যানজট থেকে রেহাই পাইনি।’
মুগদা থেকে আসা পটুয়াখালীগামী কাজল-৭ লঞ্চের যাত্রী ইসতিয়াক আহমেদ জানালেন, টার্মিনাল এলাকায় হকারদের উৎপাতের কারণে নাজেহাল অবস্থায় আছেন যাত্রীরা। তিনি বলেন, অন্তত ঈদ মৌসুমে টার্মিনাল থেকে হকার উচ্ছেদ করার দরকার ছিল।
হুলারহাটগামী অভিযান-৭ লঞ্চের যাত্রী বিলকিস বেগম জানান ডেকের ভাড়া লঞ্চের কর্মচারীরা ২৮০ টাকা দাবি করছেন। কিন্তু গত সপ্তাহে ২২০ টাকা ভাড়া দিয়ে এসেছি। তিনি আক্ষেপ করে বলেন, সরকারের লোকজন বলছে ভাড়া বেশি নেওয়া হবে না; কিন্তু মালিকেরা ঠিকই বেশি ভাড়া আদায় করছে।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার উপদেষ্টা ও টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া বলেন, দুই দিন পরে ঈদ। লঞ্চে তেমন যাত্রী দেখা যাচ্ছে না। অথচ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লঞ্চে নির্ধারিত যাত্রী বোঝাই করার আগেই লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করছে। বেশি ভাড়া নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি দাবি করেন, কোন অবস্থাতেই লঞ্চের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। সরকারের নির্ধারিত হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭টি লঞ্চ নির্ধারিত সময়ের আগে ছেড়ে গেছে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য নিয়মিত লঞ্চ ছাড়াও আজ আরও ২৫টি বিশেষ লঞ্চের ব্যবস্থা রয়েছে। তবে যাত্রীদের উপস্থিতির ওপর নির্ভর করে নির্ধারিত রুটে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।
ডিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, সদরঘাটগামী লঞ্চের যাত্রীদের হয়রানি ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করছে। তা ছাড়া টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌ পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।