শেষ মুহূর্তে সিম নিবন্ধনের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনের জন্য শেষ মুহূর্তে কেন্দ্রগুলোতে গ্রাহকদের ব্যাপক চাপ বেড়েছে। এ চাপের কারণে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীতে কয়েক ঘণ্টার জন্য ‘সার্ভার ডাউন’ ছিল বলে জানিয়েছে অপারেটররা। এ সময় নিবন্ধনকাজ চলে ধীরগতিতে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ শনিবার সিম নিবন্ধনের শেষ দিন। সময় আর বাড়বে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বিকেলে ফার্মগেটে একটি নিবন্ধন কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সময় বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। তবে মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে তাঁরা শ্রদ্ধাশীল। শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন কাজের সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনের একজন উপসচিব প্রথম আলোকে বলেন, সার্ভার ডাউন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তিনি খোঁজ নিয়ে দেখেছেন তাঁদের এনআইডি সার্ভার ঠিকই আছে। তাঁর মতে, সম্ভবত মোবাইল ফোন অপারেটরদের সার্ভারে সমস্যা আছে। ওই সার্ভারগুলো ডাউন থাকায় সমস্যা হয়ে থাকতে পারে।

অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরের কয়েকজন কর্মকর্তার দাবি, এনআইডি সার্ভার ডাউন হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছিল। আবার কেউ কেউ বলেছেন, অতিরিক্ত চাপের কারণে সার্ভার ধীর হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, রূপগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তারানা হালিম বলেন, ‘সার্ভার ডাউন হওয়ায় রাজধানীতে কয়েক ঘণ্টার জন্য সিম নিবন্ধনে যে সমস্যা হয়েছিল, তা এনআইডি সার্ভার ডাউনের কারণে নয়। সমস্যা মোবাইল অপারেটরদের কি না, তা দেখতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯-১০ কোটি সিম নিবন্ধন হলে সরকারের লক্ষ্য পূরণ হবে। যে সিমগুলো ঝরে পড়বে, সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা অবৈধ ভিওআইপি কাজের জন্য বা জঙ্গি অর্থায়নে ব্যবহার করা হয়।

গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে ৮ কোটি ৩৮ লাখ সিম নিবন্ধনের কাজ শেষ হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় সর্বশেষ হিসাব অপারেটররা দিতে পারেনি। অপারেটর সূত্র বলেছে, এ পর্যন্ত সারা দেশে মোট সিম বিক্রি করা হয়েছে প্রায় ১৩ কোটি ১০ লাখ। অর্থাৎ এখনো প্রায় ৫ কোটি সিমের নিবন্ধন বাকি আছে।

সময় বাড়ানো না হলে শনিবার রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। যেসব সিম নিবন্ধিত হবে না, সেগুলো ১ মে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে। সূত্র বলেছে, এ বন্ধ রাখার উদ্দেশ্য হলো গ্রাহককে জানানো যে সিমটি নিবন্ধন করা হয়নি। এরপর একটি নির্ধারিত সময়ের মধ্যে সিমটি নিবন্ধন করা না হলে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। অবশ্য প্রবাসীরা ১৮ মাস পর্যন্ত সিম নিবন্ধনের সময় পাবেন।

মোবাইল ফোন অপারেটর ‘রবি’র মুখপাত্র ইকরামুল কবীর বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সার্ভার ধীরগতি ছিল। তবে এই সময়ের মধ্যে রবির প্রায় সাড়ে তিন লাখ সিম নিবন্ধনের কাজ হয়েছে। দুই দিনে তাঁদের সাত লাখের বেশি সিম নিবন্ধন হয়েছে।

সকালে তেজগাঁও, মগবাজার, ফার্মগেট ও শাহবাগ এলাকার কয়েকটি নিবন্ধন কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। রাজধানীর অন্যান্য স্থানেও ভিড় ছিল বলে জানা গেছে।