শেষ মুহূর্তে সেমাই-চিনির দোকানে ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরে। বৃষ্টিতে বিড়ম্বনা বাড়লেও ঈদের কেনাকাটায় ছেদ পড়েনি নগরবাসীর। গতকাল সোমবার দুপুর থেকে ভিড় দেখা গেছে কাঁচাবাজার আর মুদি দোকানগুলোতে। সেমাই, চিনি, দুধ, মটর, সুগন্ধি চাল আর মাংসের দোকানগুলো ছিল সরগরম।
গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে চিনির দাম কিছুটা বাড়তি থাকলে অন্য পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত সেমাই ও তরল দুধের দাম স্বাভাবিক ছিল। খোলা সেমাইয়ের তুলনায় প্যাকেটজাত সেমাইয়ের বিক্রি বেশি হচ্ছে বলে জানান বিক্রেতারা। খুচরা বাজারে ব্র্যান্ডভেদে ২০০ গ্রাম প্যাকেটের চিকন সেমাই বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। চিকন সেমাইয়ের ক্ষেত্রে কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের অন্যতম হলো কুলসন, প্রাণ, রাঁধুনী। লাচ্ছা সেমাইয়ের ক্ষেত্রে এর সঙ্গে যোগ হয়েছে ওয়েল ফুড, বনফুল, ফুলকলি, মিঠাইসহ আরও কয়েকটি নাম। ব্র্যান্ডভেদে ২০০ গ্রাম লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ টাকার মধ্যে।
বাজারে প্যাকেটজাত তরল দুধের মধ্যে মিল্ক ভিটা, আড়ং ও প্রাণের চাহিদা বেশি ছিল। তরল দুধ বিক্রি হয়েছে প্রতি লিটার ৬২ টাকা, আধা লিটার ৩২ টাকা। ঈদ উপলক্ষে গুঁড়ো দুধের বিক্রিও বেশ বেড়েছে বলে জানান বিক্রেতারা। প্যাকেটজাত গুঁড়ো দুধ ব্র্যান্ডভেদে ৪২০ থেকে ৫৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৬৫ টাকা দরে বিক্রি হলেও গতকাল বাজারে সেটির দাম ছিল ৬৮ টাকা।
খুচরা বাজারে চটপটি তৈরির মটর ডাল গতকাল প্রতি কেজি ৪০-৪৫ টাকা দরে বিক্রি হয়েছে। এলাচের দাম ছিল প্রতি কেজি মানভেদে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, দারুচিনি ২৫০ থেকে ৩০০ টাকা, পেঁয়াজ ২০ থেকে ২৪ টাকা, রসুন ১৪০ টাকা ও আদা ৫০ টাকা। খোলা সুগন্ধি চাল প্রতি কেজি ১০০ টাকা ও প্যাকেটজাত চাল ১২০ টাকায় বিক্রি হয়েছে। সয়াবিন তেলের দামও স্থিতিশীল ছিল। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯০-৯৫ টাকায়। মানভেদে ঘি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৮৭৫ টাকায়।
গতকাল দুপুরে ষোলশহর কর্ণফুলী কাঁচাবাজারে কেনাকাটা করতে আসেন পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দা আমিনুল হক। প্রথম আলোকে তিনি বলেন, ‘মাংস বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায়। সে কারণে আগে কিনিনি। আজ কিনব। দাম খুব একটা বাড়েনি বলেই মনে হচ্ছে।’
গতকাল গরুর মাংস বিক্রি হয়েছে প্রতি কেজি (হাড় ছাড়া) ৫৫০, হাড়সহ ৪০০ টাকা, খাসির মাংস ৬০০ টাকা। দেশি মুরগি কেজিপ্রতি বিক্রি হয়েছে ৩৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা।