শেষ মুহূর্তে ১৪ প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে ১৪ জন প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এসব নির্বাচন কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ মে অনুষ্ঠেয় কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৪ জন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়। গত বুধবার তাঁদের প্রশিক্ষণ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়৷ এর পরপরই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই ১৪ জনকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়৷
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজ সরকার বলেন, ‘সরকারদলীয় নেতা-কর্মীদের অভিযোগে রাজনৈতিক কারণ দেখিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের পরিবর্তন করা হয়েছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগসহ অন্যান্য কারণে ১৪ জনকে দায়িত্ব থেকে বাদ দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে এগুলো করতে পারেন।