শেষ মুহূর্তেও অনড় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া সাতজন বিদ্রোহী প্রার্থীর মধ্যে ছয়জনকে আওয়ামী লীগ নেতারা বশে আনতে পারলেও একজন এখনো অনড় অবস্থানে রয়েছেন। অথচ এক দিন পরেই নির্বাচন।
বশে আনতে না পারা ওই বিদ্রোহী প্রার্থীর নাম নুর নবী খোকন। তিনি উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করছেন। ২৩ এপ্রিল করপাড়াসহ উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রথম দিকে পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে ছিলেন। পরে একক প্রার্থী দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে নেতারা দফায় দফায় বৈঠক করে ছয়জনকে বশে আনেন। কিন্তু করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর নবী খোকনকে বশে আনার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা।
নুর নবী খোকন বলেন, ‘প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দল সাধারণ নেতা-কর্মীদের মতামতের মূল্যায়ন করেনি।’ তাঁদের অনুরোধে আমি নির্বাচন করছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, ‘করপাড়া ইউপিতে দল থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে একজন নির্বাচন করছেন। তাঁকে বসিয়ে দিতে আমরা এখনো চেষ্টা চালাচ্ছি।’