শেষ মুহূর্তেও জমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-১ আসনের উপনির্বাচন কাল শনিবার অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সপ্তাহ খানেক আগেও নির্বাচন নিয়ে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। শেষ মুহূর্তেও আওয়ামী লীগ ও প্রশাসনের কয়েক দফা সংবাদ সম্মেলন, শহরে র্যা ব-পুলিশ ও বিজিবির হুইসেল বাজিয়ে চলাফেরা ছাড়া তেমন কিছু চোখে পড়েনি। ভোটারদের মধ্যেও উৎসাহ নেই।
সরেজমিনে নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা, মাইকিং, ব্যানার-পোস্টার দেখা যায়নি। এমনকি শহর ও গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কোনো স্থানেই নির্বাচন নিয়ে আলোচনা নেই। শেষ মুহূর্তে প্রশাসনের লোকজন তৎপর হয়েছেন। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সে জন্য তাঁরা প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন।
উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব। স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়ের প্রতীক সিংহ। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা। ২০১১ সালে দল থেকে পদত্যাগ করেন তিনি। কয়েকবার পৌরসভার কাউন্সিলর ছিলেন। কিছুদিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। বাকি দুই প্রার্থী বিএনএফের বি এম মোতাসিম বিল্লাহ টেলিভিশন ও এনপিপির কাজী তৌহিদুল আলম আম প্রতীক নিয়ে লড়ছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘আমার প্রার্থী নতুন ও অপরিচিত মুখ হলেও তিনি যোগ্য প্রার্থী।’
এ টি এম আবদুল ওয়াহহাব বলেন, ‘আশা করি, জনগণ আমাকে ভোট দেবে।’ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় বলেন, ‘প্রশাসন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার নির্বাচনী কাজে বাধা দিচ্ছে। এ নিয়ে আমি মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে আমার বিজয় সুনিশ্চিত।’
পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, ‘তপন রায়ের অভিযোগ আমরা মামলা হিসেবে নিয়েছি। নির্বাচনে কেউ বাড়তি সুবিধা পাবে না।’
রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া নির্বাচনে বড় ধরনের কোনো অভিযোগ নেই। আমরা অভিযোগ পাওয়ামাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’
মাগুরা-১ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা যান। এতে আসনটি শূন্য হয়।