শেষ মুহূর্তেও জমেনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন। প্রচারণার শেষ দিন গত রোববার আওয়ামী লীগের প্রার্থী সমাবেশ ও মিছিলসহ দিনভর জনসংযোগ করেন। কিন্তু অন্য দুই প্রার্থীর তেমন তৎপরতা ছিল না।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে আতাউর রহমান খান ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে ইমরুল কায়েস লড়াই করছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দলটির প্রার্থী হাসান ইমাম খান গত বুধবার প্রচারণা শুরু করেন। রোববার উপজেলা সদরে মিছিল ও কালিহাতী কলেজ প্রাঙ্গণে নির্বাচনী সভার মধ্য দিয়ে প্রচারণা শেষ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। বক্তব্য দেন সাংসদ ছানোয়ার হোসেন ও মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ও প্রার্থী হাসান ইমাম খান।
হাসান ইমাম খান প্রথম আলোকে বলেন, ‘প্রায় দেড় বছর ধরে কালিহাতীতে সাংসদ নেই। তাই মানুষ মঙ্গলবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। কালিহাতীর উন্নয়নের জন্য তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’
রোববার ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েসকে বিভিন্ন স্থানে বক্তৃতা ও একটি ট্যাক্সিতে মাইক লাগিয়ে প্রচারণা চালাতে দেখা যায়। কিন্তু বিএনএফের প্রার্থী আতাউর রহমান খানের তৎপরতা চোখে পড়েনি। কথা বলার চেষ্টা করেও তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ আসনে সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সাংসদ হন। তিনি মন্ত্রীও হন। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করার পর তাঁকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর তাঁর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ওই বছর ১৫ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম ও তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইকালে খেলাপি ঋণের কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে কাদের সিদ্দিকী উচ্চ আদালতে যান। আদালত বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখেন। আদালত সম্প্রতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম রোববার বলেন, মঙ্গলবার ১০৭টি কেন্দ্রে ভোট নেওয়ার সব প্রস্তুতি শেষ। গতকাল সোমবার কেন্দ্রগুলোয় ভোট গ্রহণের উপকরণ পাঠানো হয়। কালিহাতী উপজেলার দুটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৭ হাজার ৭০০।