শেষ মুহূর্তেও সদরঘাটে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। শুধু একটি রাত পোহাবার অপেক্ষা। শেষ মুহূর্তেও ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে চোখে পড়ার মতো। 
আজ রোববার ভোর থেকে টার্মিনালে এসে ভিড় জমাতে থাকে শত শত নারী-পুরুষ।
সরেজমিনে লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালে আমতলী, হাতিয়া, পিরোজপুর, ঝালকাঠি ও হুলারহাটসহ বেশ কয়েকটি রুটের লঞ্চ সংকট দেখা দিয়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। এ ছাড়া আজ সকাল থেকে ঢাকা টার্মিনালে হকারদের উৎপাত ছিল চোখে পড়ার মতো। তবে এত সব দুর্ভোগ ও দেরি করে বাড়ি ফেরার কোনো দুঃখ বা কষ্টের ছাপ ফুটে ওঠেনি যাত্রীদের চোখে-মুখে। সবারই একটি প্রার্থনা- বাড়ি ফিরে সবার সঙ্গে ঈদ করতে পারা।
ঢাকার সদরঘাট টার্মিনাল সূত্র জানা গেছে, আজ ভোর থেকেই দক্ষিণাঞ্চলগামী শত শত নারী-পুরুষ তাদের পরিবার-পরিজন ও মালামাল নিয়ে টার্মিনালে এসে ভিড় জমাতে শুরু করে। দুপুরের পর থেকে টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ভোলা, আমতলী, পটুয়াখালী, বরিশাল ও বরগুনাগামী যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। আজ রোববার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে বন্দর ত্যাগ করেছে ৭০টি লঞ্চ। ছেড়ে যাওয়া সব কয়টি লঞ্চে টপছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
সাভার থেকে আসা বরিশালগামী সুরভী-৭ লঞ্চের যাত্রী রাশিদা বেগম জানান, ‘আমি একটি গার্মেন্টসে কাজ করি। গতকাল শনিবার আমাদের ছুটি হয়েছে, তাই আজ লঞ্চে করে বাড়ি যাচ্ছি। একসঙ্গে সবার সাথে ঈদ করব, তাই অনেক খুশি লাগছে।’
মালিবাগ থেকে আসা হুলারহাটগামী টিপু-৬ লঞ্চের যাত্রী হাসান আলী বলেন, যানজট এড়ানোর জন্য দুপুরের আগে ছেলেমেয়েদের নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে বসে আছেন তিনি। পথে যানজট না থাকলেও টার্মিনালে কুলিদের উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছেন তিনি। তিনি বলেন, ‘সকালে বাড়ি গিয়ে সবার সঙ্গে ঈদের নামাজ পড়ব- ভাবলে এসব কষ্ট ম্লান হয়ে যায়।’
ডেমরা থেকে টার্মিনালে যাওয়া পিরোজপুরগামী যাত্রী আয়নাল হোসেন বলেন, ‘বিকেলবেলা টার্মিনালে এসে বসে আছি। এখনো কোনো লঞ্চ পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছে কিছুক্ষণের মধ্যে লঞ্চ চলে আসবে। এখন শঙ্কায় আছি সময়মতো বাড়ি ফিরতে পারব কি না।’ তিনি আক্ষেপ করে বলেন, বাড়ি গিয়ে সবার সঙ্গে একসঙ্গে ঈদের নামাজ না পড়তে না পারলে তো ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, সাময়িক লঞ্চ সংকট থাকায় শেষ মুহূর্তে যাত্রীদের চাপ বেড়ে গেছে। তিনি আরও বলেন, যেসব লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গেছে সেগুলো ফিরে এলেই লঞ্চ সংকট থাকবে না। এ ছাড়া নিরাপদ ও সুষ্ঠু যাত্রীসেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা তৎপর আছেন।