শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত চট্টগ্রাম নগরবাসী

শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। গতকাল শনিবার সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল নগরের বিপিণকেন্দ্রগুলোতে।
গতকাল নগর ঘুরে দেখা যায়, অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত সবখানেই ক্রেতার ভিড়।
তবে থান বা সেলাইবিহীন কাপড়ের দোকানে ভিড় দেখা যায়নি। তৈরি পোশাকের দোকানে এখনো ভিড় লেগে আছে। ‘পাখি’ থ্রি-পিসের বিক্রি এখনো রমরমা।
পাইকারি ও খুচরা শাড়ির জন্য বিখ্যাত টেরিবাজারের শাড়ির দোকানগুলোতেও ক্রেতার কমতি নেই। তবে শেষের দিকে দামি শাড়ির বিক্রি কম। এই সময়ে ক্রেতারা প্রধানত উপহারের জন্য শাড়ি কেনেন বলে জানালেন টেরিবাজারের বিক্রেতারা। রমজানের শেষ দিকে সুতি, টাঙ্গাইলের জামদানি, কাতান, বালুচরি, হাফ সিল্ক এসব শাড়িই বেশি বিক্রি হচ্ছে।
শেষ দিকে লুঙ্গির বেচা-বিক্রিতেও খুশি দেখা গেল দোকানিদের। রিয়াজউদ্দিন বাজারে লুঙ্গি কিনতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হুমায়ুন কবির জানালেন, প্রতিবছরই ঈদে অন্যান্য পোশাকের সঙ্গে তিনি লুঙ্গিও কেনেন।
রিয়াজউদ্দিন বাজারের লাকি লুঙ্গি স্টোরের স্বত্বাধিকারী ইয়াসিন রেজা চৌধুরী জানালেন, এবার সাধারণ ছাপা লুঙ্গির পাশাপাশি ঈদ উপলক্ষে নকশা করা লুঙ্গি এনেছেন দোকানে। নকশি, টাইডাই, কাতানের কাজ করা, এমনকি হাতের কাজ করা লুঙ্গিও বেশ ভালো বিক্রি হচ্ছে। কাপড় ও নকশাভেদে দেড় শ থেকে দুই হাজার ২০০ টাকার মধ্যে লুঙ্গি বিক্রি হচ্ছে।
নগরের তামাকমুণ্ডী লেনের জুতার দোকানগুলোতেও ভিড়ের কারণে হাঁটা দায়। জুতা কিনতে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক আহমেদ বললেন, ‘ভেবেছিলাম রমজানের শেষ দিকে ভিড় একটু কম হবে, সস্তায় কিনতে পারব। কিন্তু এসে দেখি আমার ধারণা ভুল।’
আফমি প্লাজার দেিশ দশে পোশাক কিনতে আসা কর্মজীবী দম্পতি তানভীর হাসান ও শায়লা পারভিন জানালেন, কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এত দিন পরিবারের অন্য সদস্যদের জন্য কেনাকাটা করেছেন। এখন নিজেদেরটা কিনবেন। সময় বেশি নেই, তাই পুরোদিন নিজেদের কেনাকাটার জন্য বরাদ্দ রেখেছেন।
প্রসাধনী ও গয়নার দোকানেও উপচে পড়া ভিড় দেখা গেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে তরুণীরা গয়না কিনছেন। রাম-লীলা নামের নতুন আসা ঝুমকার কদর এবার বেশি বলে জানান আফমি প্লাজায় অবস্থিত গয়নার দোকান ‘অফেলিয়া’র পণ্য তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়া টুপি, জায়নামাজ, আতরও বেশ ভালো বিক্রি হচ্ছে। দেশি ও বিদেশি টুপি পাওয়া যাচ্ছে ৭০-৮০০ টাকার মধ্যে। জায়নামাজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০০ টাকায়।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গভীর রাত পর্যন্ত সাতকানিয়া উপজেলার বিপণিবিতানগুলোতে ঈদের কেনাবেচা চলছে। উপজেলা সদর ও কেরানীহাট এলাকার বিপণিবিতানের দোকানে গভীর রাতেও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ পছন্দের তৈরি পোশাক, শাড়ি, থ্রি-পিস, জুতা ও প্রসাধনসামগ্রী কিনতে ভিড় করছেন।
স্কুলশিক্ষিক নাজমা আকতার বলেন, রাতে গরম ও ভিড় কম, তাই এ সময়েই পরিবারের জন্য ঈদের বাজার করতে মার্কেটে এসেছি।
সাতকানিয়া সদরের কাপড় ব্যবসায়ী মোরশেদ আলম জানান, এবারের ঈদে বেচাবিক্রি ভালো। থ্রি-পিসের চাহিদা সবচেয়ে বেশি। ভারতীয় টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়াল ও নায়িকাদের নামে তৈরি পোশাকই বেশি বিক্রি হচ্ছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ গভীর রাত পর্যন্ত নির্বিঘ্নে যাতে কেনাবেচা করতে পারে সে জন্য বিপণিবিতান ও সড়কের স্থানে স্থানে পুলিশের টহল দল মোতায়েন করা হয়েছে।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চকরিয়া পৌর শহরের সব বিপণিবিতানে সকাল থেকে ভোররাত পর্যন্ত চলছে কেনাকাটা। দম ফেলার ফুরসত নেই ব্যবসায়ীদের। আর এসব বিপণিবিতানে ব্যবসায়ী ও তরুণীদের মুখে মুখে ‘পাখি’র কথা। পাখি হচ্ছে ভারতীয় একটি কাপড়ের নাম এবং ওই পাখির নামকরণ হয়েছে ভারতীয় বাংলা সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ থেকে।
গতকাল শনিবার শহরের নিউমার্কেট, ওয়েস্টার্ন প্লাজা, আনোয়ার শপিং কমপ্লেক্স, চকরিয়া শপিং কমপ্লেক্স, সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট, চিরিংগা সমবায় মার্কেট, আবদুল মতলব শপিং সেন্টার, ওশান সিটি, চকরিয়া সিটি সেন্টার, রূপালী শপিং কমপ্লেক্স, রওশন মার্কেট ও বাবু মিয়া বাজার হকার মার্কেটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, তরুণীদের জন্য পাখি, রামলীলা, হানিবানি, পাংকুরি পিউ, পুরুষদের জন্য জিনস টি-শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি-পাজামা আর নারী ক্রেতাদের জন্য অপেরা সিল্ক, জর্জেট, টিস্যু শাড়ি, জামদানি, কাতানসহ হরেক রকমের কাপড়ের হুলুস্থুল কেনাকাটা চলছে।
চকরিয়া সিটি সেন্টারের আল হারমাইন লেডিস অ্যান্ড জেন্টসের স্বত্বাধিকারী মকছুদ আহমদ বলেন, পাখি ড্রেস বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ২৬ হাজার টাকায়। পাখি ড্রেসের আকাশচুম্বী চাহিদা রয়েছে তরুণীদের কাছে।
হৃদয় ফ্যাশনের মালিক জাহেদুল ইসলাম বলেন, বেচাবিক্রি বেশ ভালো হচ্ছে। একটানা ভোররাত পর্যন্ত বেচাবিক্রি চলছে।