শেষ মুহূর্তের ঝটিকা সওদা
রাজপথ আজ প্রায় ফাঁকা। তবে অন্যান্য দিনের তুলনায় হাটফেরত মানুষের সংখ্যা বেশি। গরু কেনার তোড়জোড় এখন প্রায় শেষ। শেষ মুহূর্তের সদাইপাতির দিকে ছুটছে মানুষ। বাজারে ঢুকলেই বোঝা যাচ্ছে, চাল-মসলা-সেমাই থেকে শুরু করে সবকিছু কেনার তোড়জোড় শুরু হয়েছে।
মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ঢুকতে বেশ ভিড় ঠেলতে হলো। মুদিদোকানগুলোর সামনে লাইন। দোকানি একের পর এক ক্রেতার চাহিদা মেটাচ্ছেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চাঁদপুর জেনারেল স্টোরে একটু জায়গা পাওয়া গেল। দোকানি ওমর ফারুক বলেন, ‘কালকেও এত ভিড় ছিল না। সকাল ৮টায় দোকান খুলছি। চলব রাত ১২টা পর্যন্ত।’ তিনি বললেন, মানুষ এখন মসলা, পোলাওয়ের চাল, সেমাই, নুডলস বেশি কিনে নিচ্ছেন।
এই বাজারে ঘুরে দেখা গেল, লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ১৫০ টাকা এবং ঝুড়ি সেমাই ৬০ টাকা কেজি। পোলাওয়ের চালের কেজি ৯৫ থেকে ১১০ টাকা। সায়মা বেগম ফর্দ নিয়ে এসেছেন। ঈদের পরদিন অনেক মেহমান সামলাতে হবে। তিনি বলেন, ‘ঈদ তো ঈদই। এই ঈদে রান্না-বান্না আরও বেশি করতে হয়। আগের দিন রাত থেকে চুলা জ্বালানো শুরু করি।’
ঘরে রান্না হবে মাংসের হরেক পদ। বাজারের ব্যাগে তাই মসলার প্যাকেট অবধারিত। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের দোকানি মো. সবুজ বলেন, তিন-চার দিন ধরে মসলা বিক্রি বেড়েছে। এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও জিরা বেশি বিক্রি হচ্ছে। শাহেদ করিম সকালে গাবতলী হাট হয়ে এসেছেন। তিনি বলেন, ‘গরু কিনে লোক দিয়ে বাসায় পাঠিয়েছি। কালকেই তো ঈদ। মসলা আর বাজার সদাই বাকি ছিল। এগুলো কিনতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচি। কিন্তু শেষ দিনে এসে গরুর দামের মতো এরাও অনেক দাম চাচ্ছে।’ বোঝা গেল গরু কিনতে গিয়ে তিনি বেশ ক্লান্ত।
কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল মার্কেটের ক্রেতারা বলছেন, মসলার দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বেশির ভাগ দোকানে ১০০ গ্রাম হিসাবে বিক্রি হচ্ছে মসলা। বাজারভেদে জিরা ৪৫-৫০ টাকা, এলাচ ১৫০-১৮০ টাকা, দারুচিনি ২২ থেকে ৩০ টাকা, লবঙ্গ ১২০-১৪০ টাকা। তবে দাম বাড়েনি বলছেন বিক্রেতারা। কারওয়ান বাজারে মসলা বিক্রেতা মো. সবুজ বলেন, ‘দাম বাড়ে নাই। গত ঈদে যা বেচছি, তা-ই আছে।’
লাল-হলুদ রঙের সেমাই বস্তাভর্তি সাজানো। কারওয়ান বাজারের সব মুদি দোকানের সামনেই এ রকম। সায়েম জেনারেল স্টোরের বিক্রেতা বাবু বলেন, গতকাল রাত থেকেই সেমাই, চিনি, নুডলস, চাল বিক্রি শুরু হয়েছে। আজকে তা আরও বেড়েছে। এখানে সেমাই প্যাকেটও কেজি হিসাবে বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা পোলাওয়ের চাল ৮০ থেকে ১০০ টাকা। প্যাকেটের দাম ১০০ টাকা। নাখালপাড়ার বাসিন্দা আবদুর রব সেমাই-চিনির সঙ্গে কিছু সবজিও কিনেছেন। তিনি বলেন, ‘সেমাই ছাড়া তো ঈদ হয় না। সকালে মিষ্টিমুখ করেই কোরবানির প্রস্তুতি নিই।’