শেষ মুহূর্তের পদক্ষেপে প্রায় সবাই সৌদি গেছেন

শেষ মুহূর্তে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ভিসা পাওয়া প্রায় সব হজযাত্রী সৌদি আরবে গেছেন। তবে গতকাল সোমবারও প্রতারিত হওয়া কিছুসংখ্যক হজযাত্রীকে আশকোনার হজ ক্যাম্পে দেখা গেছে।
এবার হজযাত্রা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সে জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছে ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, হজযাত্রায় জটিলতার মূল কারণ হজ এজেন্সিগুলোর প্রতারণামূলক কর্মকাণ্ড। জড়িত এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে।
বিমানের শেষ হজ ফ্লাইট ছিল গত শনিবার। কিন্তু কয়েক হাজার হজযাত্রীকে পাঠানো নিয়ে সংকট তৈরি হয়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বাড়তি ১২টি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় সংকট কেটে যায়।
বিমান কর্তৃপক্ষ জানায়, এবার বিমানের হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল ৬৩ হাজার ৫৯৯ জন। তবে পরিবহন হয়েছে ৬৪ হাজার ৮৭৩ জন।
গতকাল সকালে হজ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালনের জন্য ভিসা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। গতকাল সকাল ১০টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছাতে বাকি ছিলেন ৩৭৫ জন। বেলা সাড়ে ১১টার দিকে ধর্ম মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন হজ ক্যাম্পে সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিসাপ্রাপ্ত ৮১ জন হজযাত্রী টিকিট পাননি। তাঁদের সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে পাঠানোর চেষ্টা চলছে।
গতকাল হজ ক্যাম্পে দেখা যায়, বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েও টিকিট পাননি এমন কিছুসংখ্যক যাত্রী ক্যাম্পে অবস্থান করছেন। মদিনা এয়ার ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, ইকো এভিয়েশন অ্যান্ড টুরিজম, সাঈদ এয়ার ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়ান ট্রাভেলস, গুলশানে মোহাম্মদীয়া, বুশরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আশা এভিয়েশন, গ্লোবাল এয়ারসহ প্রায় ১২টি এজেন্সির অন্তত ৯০ জন হজযাত্রী ক্যাম্পের ভেতরে অবস্থান করছেন।
প্রতারিত হয়ে হজ ক্যাম্পে রয়ে যাওয়া যাত্রীদের একটি তালিকা তৈরি করেছিল বিমানবন্দর থানা-পুলিশ। বেলা একটা পর্যন্ত ১০৮ জনের নাম ওঠে তালিকায়। তালিকা তৈরিতে যুক্ত পুলিশের সদস্যরা বলেন, এ তালিকায় টাকা দিয়ে ভিসা পাননি, এমন কিছু ব্যক্তিও আছেন।
বিমানমন্ত্রী বলেন, অনেক এজেন্সি টাকা নিয়ে টিকিট না করেই পালিয়ে গেছে। এ জন্য র্যাব-পুলিশ ব্যবহার করতে হয়েছে। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বছর ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে মিলে পরিকল্পনা করা হবে।