শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন আগামী শনিবার ৬ জুলাই। তবে আজ বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। তাই শেষ মুহূর্তে গতকাল বুধবার ব্যস্ত সময় কাটান প্রার্থীরা।দুটি পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দা জানান, আড়াইহাজারের নবগঠিত দুটি পৌরসভাই অনুন্নত। বিগত দিনে এই দুটি এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। রয়েছে যোগাযোগ ও জলাবদ্ধতার সমস্যা। বেশির ভাগ এলাকায় গ্যাসের সংযোগ নেই। এসব সমস্যা সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখবেন, তাঁকে ভোট দেবেন তাঁরা।মেয়র পদপ্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা আছেন সবচেয়ে বেকায়দায়। কেননা, আড়াইহাজার পৌরসভায় ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে সাতজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রার্থীরা হলেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী (চশমা), আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী (জাহাজ), সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (টেলিভিশন), সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া আড়াইহাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (তালা), আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজামেঞ্চল হক (টেবিল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ভিপি কাজী সুজন ইকবাল (কাপ-পিরিচ), ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য বিল্লাল হোসেন (মাইক), পারভীন আক্তার (দোয়াত-কলম), উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা (প্রজাপতি) ও কবির হোসেন (টেলিফোন), উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক কাজী আবদুস সেলিম (আনারস)। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন কেউ পাননি। বিএনপির সমর্থন পেয়েছেন পারভীন আক্তার। তাঁকে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন যুবদলের নেতা রুহুল আমিন মোল্লা। তবে ব্যালটে তাঁর প্রতীক থাকছে।এদিকে গোপালদী পৌরসভায় মেয়র পদে নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম। তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক সাংসদ এমদাদ ভূঁইয়ার অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম হালিম শিকদার (্চশমা)। বিএনপির সমর্থন পেয়েছেন গোপালদী পৌর বিএনপির সভাপতি আবুল বাশার (কাপ-পিরিচ)।তিন প্রার্থীকে জরিমানা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল তিন মেয়র প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাড়িতে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারের দায়ে আড়াইহাজার পৌরসভার পারভীন আক্তার ও গোপালদী পৌরসভার রফিকুল ইসলামকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে আড়াইহাজারে নির্ধারিত সময়ের আগে মাইক বাজানোর দায়ে কাজী আবদুস সেলিমকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জালালউদ্দিন।গত বছরের ৯ এপ্রিল আড়াইহাজার ও গোপালদী পৌরসভা গঠন করা হয়। আড়াইহাজার পৌরসভার ভোটার ১৭ হাজার ১৩৭ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৬৩৮ জন ও নারী আট হাজার ৪৯৯ জন। গোপালদীতে ভোটার ২৪ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৫২ জন ও নারী ভোটার ১১ হাজার ৯৭৩ জন।