শেষ মুহূর্তের ব্যস্ত সময় মেয়র পদপ্রার্থীদের
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তিন মেয়র পদপ্রার্থী গতকাল বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটান। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নগরের অলিগলি চষে বেড়ান তাঁরা।১৪ দল-সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটি মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক সকালে নিউ মার্কেট, জোড়া গেট ও প্রেম কানন এলাকায় গণসংযোগ করেন। ১৮ দল-সমর্থিত ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামান গতকাল সকালে নগরের ময়লাপোতা থেকে গল্লামারী এলাকা, পূর্ব বানিয়াখামার, শিতলাবাড়ি এলাকায় গণসংযোগ করেন।জাতীয় পার্টি-সমর্থিত ও নাগরিক উন্নয়ন কমিটির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম সকালে বাংলাদেশ ব্যাংক, খান-এ-সবুর সড়ক, খালিশপুর ও মানিকতলা এলাকায় গণসংযোগ করেন। বিকেলে রূপসা বাজার, চাঁনমারি বাজার, টুটপাড়া এলাকা, নিউমার্কেট এলাকা, হেলাতলা, কদমতলা, বৈকালী এলাকা ও ক্রিসেন্ট কলোনি এলাকায় গণসংযোগ করেন তিনি।