শেষ মুহূর্তের ভিড় সেমাই চিনি, দুধ, মসলা কেনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার চাঁদ দেখা গেলে কাল বুধবার ঈদ। বিপণিবিতান ঘুরে ঘুরে নতুন জামা-জুতা, গয়না বা শৌখিন জিনিসপত্র কেনা শেষ। এখন শেষ মুহূর্তের ভিড় জমেছে কাঁচাবাজার, ডিপার্টমেন্টাল স্টোর বা মুদি দোকানে। চলছে পোলাওর চাল, সেমাই, চিনি, মসলা, দুধ প্রভৃতি কেনাকাটা।
গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল প্রভৃতি বাজার ঘুরে দেখা গেছে, স্থায়ী দোকানগুলোর পাশাপাশি রাস্তার পাশে মৌসুমি দোকানদারেরাও এসব পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এসব দোকানেও ছিল ক্রেতাদের ভিড়।
ঈদে অতিথি আপ্যায়নে ধনী-গরিব সবার ঘরেই থাকে সেমাই-ফিরনির আয়োজন। বাজার ঘুরে দেখা যায় বাংলা সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, নারকেল, কিশমিশ, বাদাম, কাজুবাদাম, পেস্তা বাদাম, ঘি, সয়াবিন, সুগন্ধি চাল, টক ও মিষ্টি আলুবোখারা, চেরি ফলসহ বিভিন্ন ধরনের সস, মসলা ও ফলমূল কিনছেন রাজধানীবাসী। বাজারে খোলা সেমাইয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সেমাই পাওয়া যাচ্ছে। বনফুল, কুলসুন, আলাউদ্দিন ব্র্যান্ডের ২০০ গ্রামের প্যাকেট পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। খোলা সেমাই প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা।
খোলা লাচ্ছা সেমাই প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মোড়কজাত আধা কেজি লাচ্ছা সেমাইয়ের দাম ৮০ টাকা। বেশির ভাগ ক্রেতা প্যাকেটজাত লাচ্ছা সেমাই পছন্দ করছেন। লাচ্ছা সেমাইয়ে আছে রকমভেদ। তেলে ভাজা, ডালডায় ভাজা ও ঘিয়ে ভাজা। তাই দামেও আছে পার্থক্য।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। বেশির ভাগ ক্রেতা বলেন, ঈদ সামনে রেখে সেমাইয়ের দাম বাড়েনি। রেজাউল করিম নামের এক ক্রেতা বলেন, ঈদ উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ হয়তো দু-চার টাকা বেশি নিচ্ছেন। কিন্তু সামগ্রিকভাবে দাম বেড়েছে বলা যাবে না। তবে কিশমিশ, বাদাম, কাঠবাদামের দাম কিছুটা বেড়েছে।
সেমাই রান্নার অনুষঙ্গ প্যাকেটজাত তরল দুধের দামও বেশি নিচ্ছেন মহল্লার দোকানদারেরা। তাঁদের কেউ কেউ সংকটের অজুহাত দিয়ে লিটারপ্রতি ১০-১৫ টাকাও বেশি নিচ্ছেন। মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার দোকানদার সবুজ বলেন, চাহিদা অনুপাতে প্যাকেট দুধের সরবরাহ কম। এ জন্য দাম বেশি নিতে হচ্ছে। কিন্তু প্যাকেট দুধের পাইকারি দাম কি বেড়েছে—এই প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।
ঈদ সামনে রেখে আমদানিনির্ভর সব ধরনের মসলার দাম বেড়েছে। জিরার দাম বেড়েছে কেজিতে অন্তত ২০ টাকা। আলুবোখারা, এলাচের দামও চড়া। কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে প্রতি কেজি ভারতীয় জিরা ৩৪০ টাকা, সিরিয়ান জিরা ৩৬৫ টাকা ও আফগান জিরা ৩৬০ টাকা দামে বিক্রি হচ্ছে।
তবে অন্যান্য মসলার দাম তেমন বাড়েনি। হলুদ, গুঁড়া হলুদ, জায়ফল, সরিষা, পাঁচফোড়ন, গোলমরিচ প্রভৃতি মসলার দাম স্থিতিশীল আছে। প্রতি কেজি ধনিয়া বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। আলুবোখারার দাম ১০০ টাকা বেড়ে কেজিপ্রতি ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি সসের দাম একই থাকলেও বিদেশি সসের দাম বেড়েছে।