শেষ রক্ষা হলো না
বাল্যবিবাহের স্থান পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না। বাল্যবিবাহ সম্পাদন করতে গিয়ে আটক নিকাহ রেজিস্ট্রারসহ (কাজি) তিনজনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আর এক ইউপি সদস্যা পালিয়ে সাজার হাত থেকে বাঁচলেন।
সাজাপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আবদুস সামাদের ছেলে নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. এনামুল হক (৪০), মেয়ের চাচা একই ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের এফাজ উদ্দিন (৫৫) এবং একই উপজেলার কাকিনা ইউনিয়নের বানীনগর গ্রামের জমির আলীর ছেলে ও মেয়ের ভগ্নিপতি আবদুল করিম (২৭)। তবে পুলিশের উপস্থিতি মাত্রই নিজ বাড়ি থেকে অন্যত্র পালিয়ে সাজার হাত থেকে বাঁচলেন চলবলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মালেকা বেগম।
গতকাল বুধবার সাজাপ্রাপ্ত তিনজনকে কালীগঞ্জ থানা-পুলিশ লালমনিরহাট জেলা কারাগারে পাঠিয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে চলবলা ইউনিয়নের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১৩) বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান থানার পুলিশসহ ঘটনাস্থলের দিকে রওনা হন। এ খবর জানতে পেরে মেয়ের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একই ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামে চলবলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মালেকা বেগমের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। পরে মহিলা ইউপি সদস্যের বাড়িতেই রাত ১০টার দিকে পুলিশ গিয়ে হাজির হয়। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও কাজিসহ সাজাপ্রাপ্ত তিনজন আটক হন। এ সময় জিজ্ঞাসাবাদে নিজেদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড দেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী বলেন, চলবলার নিকাহ রেজিস্ট্রার (কাজি) এনামূল হকের বিরুদ্ধে বাল্যবিবাহ সম্পাদন করার অভিযোগ ছিল। ঘটনার দিন তাঁকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাতেনাতে আটক করা হয়। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও নিজ বাড়িতে মহিলা ইউপি সদস্য মালেকা বেগম বাল্যবিবাহ আয়োজনের সুযোগ করে দিয়ে অপরাধ করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছ থেকে লিখিত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।