শেষ রক্ষা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন সাইফুল ইসলাম (৩২) নামের মাদক মামলার এক আসামি হাতকড়া কেটে পালিয়ে গিয়েছিলেন গতকাল রোববার ভোরে। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনার ১৫ ঘণ্টা পর পুলিশের অভিযানে ধরাও পড়েন তিনি। আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালানোর সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়েছে আসামির স্ত্রীকে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, আজ (রোববার) ভোর ৫টার দিকে হাতকড়া কেটে সাইফুল ইসলাম (৩২) খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকার জঙ্গল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য পুলিশের নায়েক হাফেজ কবির ও কনস্টেবল মো. নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্তের পর প্রত্যাহার করা হয়। পালাতে সহায়তা করার জন্য আসামির স্ত্রী সুমি আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল দল সাইফুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। তিনি মাটিরাঙ্গা পুরোনো বাজার এলাকার বদিউর রহমানের ছেলে। মাটিরাঙা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তারের পর সাইফুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে ৭ জুলাই খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (রোববার) ভোরে সেখান থেকে পালিয়ে যান তিনি।