শেষ রক্ষা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার এড়াতে পাগলের ভান করেও পার পেলেন না রাজধানীর তালিকাভুক্ত সন্ত্রাসী নাজমুল হাসান বাবু ওরফে ব্যাঙ্গা বাবু (৩৫)। তিনি ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহাদতের প্রধান সহযোগী হিসেবে পরিচিত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বরূপারচক গ্রামের বাসিন্দারা মানসিক রোগী মনে করে গত সোমবার রাতে এক যুবককে পুলিশে দেয়। পুলিশ জানায়, আলোচিত হত্যাসহ রাজধানীর মিরপুর ও শাহ আলী থানায় ব্যাঙ্গা বাবুর বিরুদ্ধে ২২টি মামলা আছে। গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল নিশাত বলেন, সোমবার সন্ধ্যার পর অপরিচিত এক যুবকের অস্বাভাবিক আচরণ দেখে মানসিক রোগী ভেবে স্বরূপারচক গ্রামের লোকেরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে আসে। পরদিন সকালে আটক যুবকের ভাই পরিচয়ে এক ব্যক্তি মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাঁকে ছেড়ে দিতে জোর তদবির করতে থাকেন। এর অল্প সময়ের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সূত্রে স্থানীয় পুলিশ জানতে পারে, আটক ব্যক্তি আসলে সন্ত্রাসী ব্যাঙ্গা বাবু। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে ব্যাঙ্গা বাবু সরাসরি সাতটি হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাজবাড়ীতে কোনো মামলা না থাকায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়ে ব্যাঙ্গা বাবুকে ঢাকায় আনার আবেদন করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, ব্যাঙ্গা বাবু ভারতে আত্মগোপন করে থাকা শীর্ষ সন্ত্রাসী শাহাদতের ডান হাত। মিরপুরে সংঘটিত ওয়ার্ড কাউন্সিলর ছায়েদুর রহমান নিউটন, ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী ওরফে মিস্টারসহ আলোচিত আটটি হত্যা মামলার আসামি। ১১ বছর জেল খেটে পাঁচ মাস আগে তিনি জামিনে বের হন। এরপর সন্ত্রাসী শাহাদতের সঙ্গে ভারতে ছিলেন। গত শনিবার বেনাপোল দিয়ে দেশে ফেরেন। সোমবার ঢাকা থেকে খুলনায় যাওয়ার পথে দৌলতদিয়ায় নামেন বাবু। পুলিশ আটক করতে পারে মুঠোফোনে এমন তথ্য পেয়ে তিনি সিম কার্ড ফেলে দিয়ে পাগলের ভান করেন।